শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
হেমন্তের স্নিগ্ধ প্রকৃতি ও শিশিরভেজা ধানে নতুন আশার আলো নন্দীগ্রামে
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৪:৫৯ পিএম   (ভিজিট : ২)
ঋতুর পরিবর্তনে প্রকৃতিজুড়ে এখন বইছে হেমন্তের আবহ। ভোরের শিশিরভেজা ঘাস, গাছের পাতায় জমে থাকা জলকণা আর বিস্তীর্ণ মাঠজুড়ে সবুজ আমন ধানক্ষেত জানান দিচ্ছে নতুন ঋতুর আগমনের। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মাঠজুড়ে এখন চলছে সবুজের সমারোহ, যার দিগন্তজোড়া মনোরম দৃশ্য মুগ্ধ করছে প্রকৃতিপ্রেমীদের। মাঠে মাঠে ধানের এই সবুজ সমারোহ দেখে এবারও আমন ধানের বাম্পার ফলনের আশায় বুক বাঁধছেন স্থানীয় কৃষকরা।

ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ক্ষেতের ধানগাছে থোড় বের হয়েছে। বর্তমানে ধানের দুধ ও দানা গঠনের প্রক্রিয়া চলছে, যা শেষ হলেই ধানের শীষ পরিপক্ব হয়ে উঠবে। ধারণা করা হচ্ছে, কার্তিক মাসের মাঝামাঝি সময় থেকেই পুরোদমে ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু হবে।

স্থানীয় রণবাঘা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিনহাজুর রহমান হাবিব বলেন, “ভোরের হিমেল হাওয়ায় শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। শিশিরভেজা ঘাস ও সবুজ ধানক্ষেত প্রকৃতির অপূর্ব এক চিত্রপট তৈরি করেছে, যা মনকে প্রশান্তিতে ভরিয়ে দেয়। আমাদের এলাকায় এবারও আমন ধানের বাম্পার ফলনের জোরালো সম্ভাবনা রয়েছে।”

উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক জানান, চলতি খরিপ-২ মৌসুমে নন্দীগ্রাম উপজেলায় ১৯ হাজার ৫৪০ হেক্টর জমিতে আমন ধানের চাষাবাদ হয়েছে, যা প্রায় নির্ধারিত লক্ষ্যমাত্রার (১৯ হাজার ৫৪৫ হেক্টর) সমান। উপজেলার প্রতিটি মাঠেই আমন ধানের ক্ষেত অত্যন্ত চমৎকার অবস্থায় রয়েছে।

তিনি আরও জানান, ফসলের উৎপাদন বাড়াতে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা নিয়মিত মাঠে সময় দিচ্ছেন এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সব ধরনের সহযোগিতা প্রদান করছেন। মাঠের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তিনিও এবার আমন ধানের বাম্পার ফলন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।


আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft