বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
ইভার ধ্যান-জ্ঞান মডেলিং
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৭:১৪ পিএম   (ভিজিট : ২)
নিজের মেধা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাসকে পুঁজি করে বহুমুখী পরিচয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান রংপুরের মেয়ে হাবিবা ইয়াসমিন ইভা। আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করে পেশাগত জীবনে এগিয়ে যাওয়ার প্রস্তুতির পাশাপাশি মডেলিং জগতেও নিজের অবস্থান তৈরি করতে চান তিনি। তাঁর কাছে মডেলিং শুধু একটি শখ নয়, বরং স্বপ্নপূরণ ও নিজেকে নতুনভাবে তুলে ধরার অন্যতম মাধ্যম।

ঢাকার প্রাইম এশিয়া ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে এলএলবি সম্পন্ন করেছেন হাবিবা ইয়াসমিন ইভা। পড়াশোনার পাশাপাশি মডেলিংয়ের প্রতি তাঁর আগ্রহ ছিল বরাবরই। সেই আগ্রহকে বাস্তবে রূপ দিতে ২০২৫ সালে আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প থেকে মডেলিংয়ের ওপর গ্রুমিং সম্পন্ন করেন তিনি। প্রশিক্ষণ শেষে ফটোশুটের মধ্য দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু হয় তাঁর। ধীরে ধীরে র‍্যাম্পেও হাঁটার অভিজ্ঞতা অর্জন করেন এই তরুণী। ইভার ভাবনায়, মডেলিং মানে শুধু বাহ্যিক সৌন্দর্য প্রদর্শন নয়; বরং নিজের ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস ও সৃজনশীলতাকে উপস্থাপনের একটি বিশেষ ক্ষেত্র। এ জগতে নিজের দক্ষতা বাড়ানোর পাশাপাশি নতুন অভিজ্ঞতা অর্জন করতে চান তিনি। একই সঙ্গে আইন বিষয়ে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে ভবিষ্যতে আইন পেশায়ও সফল হওয়ার প্রত্যাশা তাঁর।

নিজের স্বপ্ন সম্পর্কে হাবিবা ইয়াসমিন ইভা বলেন, “মডেলিং আমার ধ্যান-জ্ঞান। আমি আইনজীবী হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চাই, পাশাপাশি মডেলিংয়েও নিয়মিত কাজ করতে চাই। আমি বিশ্বাস করি, ইচ্ছাশক্তি, পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে একজন নারী একাধিক ক্ষেত্রে নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারেন। আমার কাজের মাধ্যমে অন্য মেয়েরাও যেন নিজেদের স্বপ্ন পূরণে অনুপ্রাণিত হয়, সেটাই চাই।” মডেলিংয়ের বাইরে ছবি আঁকা ও স্কেচ করার প্রতিও বিশেষ ভালোবাসা রয়েছে ইভার। শিল্প ও সৃজনশীলতার প্রতি এই আগ্রহ তাঁকে নিজের প্রতিভা বিকাশে উৎসাহিত করে। অবসর সময়ে ছবি আঁকার মাধ্যমে নিজের ভাবনা প্রকাশ করতে পছন্দ করেন তিনি।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আশাবাদী ইভা। আইন ও মডেলিং দুই ক্ষেত্রেই নিজের যোগ্যতা, দক্ষতা ও পরিশ্রমের স্বাক্ষর রাখতে চান তিনি। পরিচিতির চেয়ে কাজের মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন এবং নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়াই তাঁর মূল লক্ষ্য। আত্মবিশ্বাসকে সঙ্গী করে সেই লক্ষ্যে এগিয়ে যেতে চান রংপুরের এই তরুণী।

আজকালের খবর/আতে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft