বৈশাখী টিভির পডকাস্ট শো: ‘ক্যারিয়ার ক্লাসরুম’। প্রচার হবে আজ (১০ অক্টোবর) বিকাল ৫.৩০ মিনিটে। প্রভাষক এম. আমিনুর রহমানের সঞ্চালনায় এ পর্বের অতিথি হিসেবে থাকছেন সামিউল কবির। যিনি অস্ট্রেলিয়া ও বাংলাদেশে প্রায় দুই দশকের অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যাংকার এবং ফিনটেক প্রফেশনাল। তিনি বর্তমানে মেঘনা ব্যাংক পিএলসি-তে রিটেইল ব্যাংকিং প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ব্যাংকটির রিটেইল ব্যাংকিং ব্যবসার নেতৃত্ব দিচ্ছেন। যেসব বিষয়ে তিনি দক্ষতার সাথে কাজ করে চলেছেন তার মধ্যে ডিজিটাল রূপান্তর, কৌশলগত পরিকল্পনা, পণ্য উদ্ভাবন, ডিজিটাল ও নিও ব্যাংকিং, ব্যবসায়িক উন্নয়ন এবং ডেটা অ্যানালিটিক্স ও বিজনেস ইন্টেলিজেন্স অন্যতম।
সামিউল অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে তথ্যপ্রযুক্তিতে স্নাতক এবং এআইইউবি থেকে এক্সিকিউটিভ এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। সেখানে তিনি প্রাতিষ্ঠানিক উৎকর্ষতার জন্য চ্যান্সেলর পুরস্কার লাভ করেন। উদ্ভাবন, গ্রাহক অভিজ্ঞতা এবং টেকসই প্রবৃদ্ধির উপর দৃঢ় মনোযোগ রেখে সামিউল বাংলাদেশের ব্যাংকিং শিল্পের রূপান্তর ও বিবর্তনে যে অবদান রেখে চলেছেন তা প্রশংসনীয়। আর এ কারণেই আজকের ‘ক্যারিয়ার ক্লাসরুম’ পডকাস্ট তাকে নিয়ে।
ক্যারিয়ার গড়ার স্বপ্ন থাকে সবারই, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন সঠিক দিক-নির্দেশনা, দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা-সে আলোকেই সাজানো হয়েছে পডকাস্ট শো: ‘ক্যারিয়ার ক্লাসরুম’। এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সিইও, এমডি এবং অভিজ্ঞ কর্পোরেট নেতৃবৃন্দ উপস্থিত হয়ে তরুণদের সঙ্গে শেয়ার করবেন ক্যারিয়ার গড়ার বাস্তব অভিজ্ঞতা, সাফল্যের গল্প, ব্যর্থতা থেকে শেখা এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতির নানা বিষয়।
শুধু চাকরি পাওয়ার কৌশল নয়, কোন্ দক্ষতাগুলো একজন তরুণকে এগিয়ে দেবে, কীভাবে নিজেকে তৈরি করতে হবে এবং কর্পোরেট দুনিয়ায় সফল হতে কী ধরনের মানসিকতা প্রয়োজন? এসবই ধারাবাহিকভাবে আলোচনা হবে ‘ক্যারিয়ার ক্লাসরুম’ পডকাস্টে। বৈশাখী টিভির কনসালটেন্ট মোঃ সামিউল আলম তামিম ও মোঃ মোফরাতুল ইসলাম সাজ্জাদের তত্ত্বাবধানে প্রযোজনায় থাকছে বৈশাখী ইয়ুথ এবং বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠান বিভাগ।
আজকালের খবর/আতে