রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথে বদলে যাওয়া পাঞ্জাবি ভাষার লেখক বলরাজ সাহানী
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৭:৩৭ পিএম   (ভিজিট : ১০)
বলরাজ সাহানী একাধারে একজন প্রতিভাবান ব্রিটিশ-ভারতের লেখক এবং অভিনেতা ছিলেন। প্রাথমিকভাবে তিনিও মহাকবি কায়কোবাদের মতোই ইংরেজি ও হিন্দিকে সাহিত্য রচনার সেরা মাধ্যম হিসেবে গ্রহণ করেছিলেন। কিন্তু এক সাক্ষাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরামর্শক্রমে লেখার বাঁক পরিবর্তন হয়। পরবর্তীতে মাতৃভাষা পাঞ্জাবিতে লিখতে শুরু করেন এবং পাঞ্জাবি সাহিত্যে একজন খ্যাতিমান লেখক হয়ে ওঠেন, যা শত বছর পেরিয়েও পাঠক তাকে মনে রেখেছে। তিনি একজন প্রগ্রেসিভ রাইটার্স মুভমেন্টের সদস্য ছিলেন। যাদের মধ্যে মুন্সি প্রেমচান্দ, সাদাত হাসান মান্টো, ফাইয়াজ আহমেদ ফয়েজ, ইসমত চুঘতাই, কৃষাণ চন্দ প্রমুখ উল্লেখযোগ্য। কর্মজীবনে শান্তি নিকেতনে হিন্দি ভাষার শিক্ষক পদে নিযুক্ত ছিলেন। সে সুবাদে খুব কাছ থেকে বিশ্ব কবির সান্নিধ্য লাভ করেছিলেন। নিজের বহু বছরের ধারণার আমূল পরিবর্তন আসে যে কতপথনের মধ্য দিয়ে সে বিষয় তার আত্মজীবনী থেকে সংক্ষিপ্তকারে প্রকাশ করেছে ভারতভিত্তিক ইংরেজি ‘মিডিয়াম’; যা দৈনিক আজকালের খবরের পাঠকদের জন্য ভাবানুবাদ তুলে ধরা হলো—

“তখন আমি (বলরাজ সাহানী) শান্তিনিকেতনে শিক্ষক পদে নিযুক্ত ছিলাম। একদিন আমি বার্ষিক হিন্দি সম্মেলনের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলাম। আমাদের মধ্যে বিভিন্ন বিষয় আলোচনা শুরু হলে কথোপকথনের সময় তিনি জিজ্ঞাসা করেছিলেন, ‘পড়ানোর পাশাপাশি আপনি এখানে আর কী করছেন?”

আমি উত্তর দিলাম, আমি হিন্দিতে গল্প লিখি, যা শীর্ষস্থানীয় হিন্দি পত্রিকায় প্রকাশিত হয়। এখানে থাকাকালীন আমি অনেক কিছু লিখেছি এবং নিজের জন্য সুখ্যাতিও অর্জন করেছি।
তখন কবিগুরু বললেন, ‘কিন্তু আপনার মাতৃভাষা হিন্দি নয়। আপনি পাঞ্জাবি। আপনি পাঞ্জাবি ভাষায় লেখেন না কেন?’

আমার মনে হয়েছিল, ঠাকুর একজন সংকীর্ণ মনের, প্রাদেশিক মানুষ; তখন আমি বুঝতে পারিনি যে, একজন শিল্পীকে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হওয়ার আগে জাতীয়ভাবে শব্দের প্রকৃত অর্থে পরিচিত হতে হবে।

আমি তখন উত্তর দিলাম, কিন্তু হিন্দি জাতীয় ভাষা। এটি সমগ্র জাতির ভাষা। আমি কেন যে কোনো প্রাদেশিক ভাষায় লিখবো, যখন আমি সারা দেশের জন্য লিখতে পারি?

ঠাকুর বললেন, ‘আমি তো বাংলায় লিখি, যা একটি প্রাদেশিক ভাষা; তবুও, আমি যা লিখি তা শুধু হিন্দুস্তানের মানুষ নয়, সারা বিশ্বের মানুষ পড়ে।’

আমি বললাম, ‘আমি আপনার মত বড় লেখক নই, আমি একজন নগণ্য লেখক।’

কবিগুরু বললেন, ‘এটা বড়ত্ব বা ক্ষুদ্রতার প্রশ্ন নয়; একজন লেখকের তার নিজের জন্মস্থান, তার মানুষ এবং তার ভাষার সঙ্গে সম্পর্কিত। শুধু তাদের কাছ থেকেই তিনি তাদের একজন হওয়ার উষ্ণতা এবং অনুভূতি পেতে পারেন।’

আমি বললাম, সম্ভবত আমার রাজ্যে বিরাজমান পরিস্থিতি সম্পর্কে সম্ভবত আপনি অবগত নন। পাঞ্জাবে, আমরা হয় হিন্দিতে নয়তো উর্দুতে লিখি। পাঞ্জাবীতে কেউ লেখে না। পাঞ্জাবি খুবই পশ্চাদপদ ভাষা। আপনি যদি একটি সৎ মতামত চান, পাঞ্জাবীকে আদৌ একটি ভাষা বলা যাবে না। এটি একটি উপ-ভাষা, হিন্দি ভাষার একটি উপভাষা।

কবিগুরু জবাবে বলেছিলেন, ‘আমি আপনার সঙ্গ একমত নই; পাঞ্জাবি সাহিত্য বা বাংলা সাহিত্য অনেক পুরনো। গুরু নানকের মতো মহান কবি যে ভাষায় লিখেছেন, আপনি কি সেই ভাষাকে অবজ্ঞা করতে পারেন এবং এটিকে সেকেলে বা পশ্চাদপদ বলতে পারেন?’

কবিগুরুর কথা শুনে তাঁর প্রতি আমার শ্রদ্ধা অনেকগুণ বেড়ে গেছিল। এরপর আমি ধীরে ঘর থেকে বেড়িয়ে যেতে উদ্যত হলাম। সবেমাত্র তখন দরজার কাছে পৌঁছেছি, ঠিক সেই সময়ে গুরুদেব এমন কথা বলেছিলেন যা পরবর্তী অনেক বছর আমার মনোকষ্টের কারণ হয়েছিলেন। কিন্তু একদিন হঠাৎ করেই বুঝতে পারলাম, এই কথাগুলোর মধ্যে অনেক সত্যতা আছে। 

তিনি বলেছিলেন, ‘যেমন একজন বেশ্যা, সমস্ত সম্পদ সংগ্রহ করার পরেও, সমাজে সম্মান পায় না, একইভাবে, আপনি যখন আপনার সমস্ত জীবন একটি বিদেশি ভাষায় লিখতে ব্যয় করেন, তখন না আপনার নিজের লোকেরা আপনাকে তাদের একজন হিসাবে গ্রহণ করবে না সেই লোকেরা যাদের ভাষায় আপনি লিখলেন। তাই বহিরাগতদের মন জয় করার চেষ্টা করার আগে, আপনাকে প্রথমে আপনার নিজের লোকেদের মন জয় করতে হবে।’

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এভাবেই অনুপ্রাণিত করেছিলেন অভিনেতা বলরাজ সাহানীকে তাঁর মাতৃভাষা পাঞ্জাবিতে লেখার জন্য।

আজকালের খবর/আতে










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft