মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
পীরগঞ্জে নির্মাণাধীন পৌরভবন ধসে নিহত ২, আহত ৩
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৮:২২ পিএম   (ভিজিট : ৩)
রংপুরের পীরগঞ্জে নবনির্মিত পৌরভবন ধসে পড়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

নিহত দুই শ্রমিক হলেন— গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বুজরুক রসুলপুর গ্রামের ঠান্ডা মণ্ডলের ছেলে আসাদুল ইসলাম (৩০) এবং রংপুরের বুড়িরহাট এলাকার ডাসারপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে শিহাব মিয়া (২১)।

আহতরা হলেন— পীরগঞ্জের মজিলা তাহিরপুর গ্রামের লিটন মণ্ডল (২৮), ওসমানপুর গ্রামের সেলিম মিয়া (৩০) এবং গোবর্ধনপুর গ্রামের বাবলা মিয়া (৩৫)। তাঁরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকীউল বারী এবং পীরগঞ্জ থানার ওসি নজমুল হক দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তাঁরা হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আহত শ্রমিকদের খোঁজখবর নেন।

সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন বলেন, "ভবন নির্মাণের মান নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। দ্রুত তদন্ত করে এর সাথে জড়িত দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" তিনি নিহত দুই শ্রমিকের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং প্রত্যেক পরিবারকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দেন।

রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম জানান, "তিনি বর্তমানে রংপুরে আছেন এবং নিহত ও আহত শ্রমিকদের পরিবারের খোঁজ নিতে সরাসরি তাঁদের বাড়িতে যাবেন।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকীউল বারী জানান, ঢাকার 'ভীষণ ভীষণ কনস্ট্রাকশন' নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনটির নির্মাণকাজ পরিচালনা করে আসছিল। এই দুর্ঘটনা কেন ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে। নির্মাণকাজে কোনো ধরনের গাফিলতি বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনার পর থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ভবন ধসে পড়ার কারণ ও নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনার সার্বিক তথ্য প্রদানে সহযোগিতা করেছেন পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. তাজুল ইসলাম।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft