রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
“১৭ বছরে এ জেলায় উন্নয়ন কম হয়েছে”: রাণীশংকৈলে জেলা প্রশাসক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৫:৫১ পিএম   (ভিজিট : ১২)
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ হলরুমে শনিবার (১০ অক্টোবর) ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল হক।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “এই প্রশিক্ষণটি মনোযোগ দিয়ে গ্রহণ করুন। এতে করে ভবিষ্যতে যেকোনো সাক্ষাৎকার বা কর্মক্ষেত্রে আপনারা দক্ষতার স্বাক্ষর রাখতে পারবেন। যে কাজটিই করবেন, সর্বোচ্চ আন্তরিকতার সাথে করবেন; তাহলে কাজের সুফল মিলবেই।”

অঞ্চলের অতীত ঐতিহ্য ও বর্তমান সামাজিক অবস্থার চিত্র তুলে ধরে তিনি বলেন, “আমি এ জেলায় এসে দেখেছি বিগত ১৭ বছরে আশানুরূপ উন্নয়ন কম হয়েছে। অথচ প্রাচীনতম মসজিদ-মন্দির ও স্থাপনাগুলো দেখলেই বোঝা যায় এ এলাকার মানুষ কতটা রুচিশীল ও সৌখিন ছিলেন। তা ছাড়া এ অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের প্রকোপও কম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখানে এখনো সিংহভাগ বিয়ে বাল্যবিয়ে ও যৌতুকের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। পাশাপাশি আত্মহত্যার প্রবণতাও দেখা যাচ্ছে, যা আমাদের গুরুত্বের সঙ্গে চিহ্নিত করে প্রতিরোধ করতে হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিমসহ স্থানীয় প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft