
পটুয়াখালীর কলাপাড়ায় পূর্বশত্রুতার জেরে একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (৯ অক্টোবর) রাত ১০টা থেকে শনিবার (১০ অক্টোবর) সকালের মধ্যে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, লেমুপাড়া গ্রামের বেড়িবাঁধের পাশে ৪ একর জমির ওই ঘেরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন মঞ্জু সিকদার ও সজীব তালুকদার। শুক্রবার গভীর রাতে ঘের পাহারা দেওয়ার সময় হঠাৎ পানির শব্দ পেয়ে টর্চলাইট জোন বাড়িয়ে দেখতে পান বকু তালুকদার, মুশফিক তালুকদার, জাহাঙ্গীর হোসেন, ফোরকান মাঝি ও আনোয়ার গাজী নামের কয়েকজন ব্যক্তি ঘেরে বিষ প্রয়োগ করছেন। এ সময় চাষিরা এগিয়ে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাঁদের দূরে সরিয়ে দেন।
পরদিন সকালে ঘেরে গিয়ে দেখা যায়, রুই, কাতল, গ্লাসকার্প, মৃগেল, চিংড়ি, কোরাল ও বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মরা মাছ পানিতে ভেসে উঠেছে। চাষিদের দাবি, দুর্বৃত্তরা বিষক্রিয়ায় মৃত মাছের একটি বড় অংশ লুট করে নিয়ে গেছে এবং বাকি মাছগুলো মরে ভেসে ওঠে। এতে তাঁদের প্রায় ৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
ঘেরের অংশীদার মঞ্জু সিকদার অভিযোগ করে বলেন, "বকু তালুকদারদের সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এর আগেও তিনি ঘেরে বিষ প্রয়োগের হুমকি দিয়েছিলেন। তিনি একজন ভূমিদস্যু ও মামলাবাজ ব্যক্তি।"
এ বিষয়ে অভিযুক্ত বকু তালুকদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজকালের খবর/কাওছার আল হাবীব