
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মপরিকল্পনার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে ৭০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় স্থানীয় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
জেলা প্রশাসক মো. আবুসাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম সিরাজ, পুলিশ সুপার জালাল উদ্দিন ফাহিম, পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন এবং অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মৎ সাবিনা ইয়াছমিন।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি বলেন, "বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানুষের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার সঙ্গেও সরাসরি জড়িত। ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মপরিকল্পনা সফল করতে শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।"
তিনি আরও বলেন, অপরিকল্পিত নগরায়ণ ও পরিবেশের ওপর বাড়তি চাপের কারণে দিন দিন গাছপালা কমে যাচ্ছে। তাই রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ খালি জায়গায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করা জরুরি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আবুসাইদ বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ৭০০টি গাছের চারা তুলে দেওয়া হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা প্রতীকী চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আজকালের খবর/কাওছার আল হাবীব