রংপুরের পীরগঞ্জে একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে ইট ও নির্মাণসামগ্রী ছিটকে পড়ে ৮০ বছর বয়সী এক বৃদ্ধা ও পাঁচ বছরের এক শিশুকন্যা গুরুতর আহত হয়েছেন। আহত দুজনকে দ্রুত উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ তাৎক্ষণিকভাবে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পীরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ওসমানপুর খিয়ারপাড়া এলাকায়।
থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা মো. আব্দুল্লাহ আল মামুনের বাড়ির পাশে প্রতিবেশী মো. আলমগীর হোসেন একটি বহুতল ভবন নির্মাণ করছেন। অভিযোগকারীর দাবি, তাঁর বসতবাড়ির প্রায় ২৫ শতক জমি এবং যাতায়াতের রাস্তার আনুমানিক তিন ফুট জায়গা জবরদখল করে পৌরসভার কোনো নিয়ম না মেনেই এই ভবন নির্মাণ করা হচ্ছে। এ বিষয়ে ইতিপূর্বে একাধিকবার স্থানীয়ভাবে আপস-মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সুরাহা হয়নি।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, সোমবার সকালে কোনো ধরনের নিরাপত্তাব্যবস্থা ছাড়াই নির্মাণাধীন ভবনে শ্রমিকরা কাজ করছিলেন। এ সময় আব্দুল্লাহ আল মামুনের ৮০ বছর বয়সী মা মোছা. বিনা বেগম এবং পাঁচ বছরের মেয়ে মোছা. মুনতাহা খাতুন ঘর থেকে বের হয়ে চলাচলের রাস্তায় পৌঁছালে ওপর থেকে হঠাৎ ইট ও নির্মাণসামগ্রী তাঁদের ওপর পড়ে।
এতে বিনা বেগমের কোমর ও পায়ের গোড়ালিতে গুরুতর আঘাত লাগে এবং শিশু মুনতাহা খাতুনের পা কেটে মারাত্মক রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
ভুক্তভোগী আব্দুল্লাহ আল মামুন জানান, পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না রেখে ঝুঁকিপূর্ণভাবে কাজ করায় তাঁর বয়োজ্যেষ্ঠ মা ও ছোট্ট শিশুটি আহত হয়েছেন। এছাড়া জোরপূর্বক জমি ও চলাচলের রাস্তা দখলের বিষয়টিও তিনি অভিযোগ করেন। স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. হাছেন আলী ও মোছা. শেফালী বেগমসহ বেশ কয়েকজন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত আলমগীর হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, "ভুলবক্রমে কাজটি শুরু করেছিলাম। জমি মেপে আমার জায়গাতেই আমি ঘর করব।"
ঘটনার সত্যতা স্বীকার করে পীরগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা (ওসি তদন্ত) তাজুল ইসলাম বলেন, "অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ওই নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
আজকালের খবর/কাওছার আল হাবীব