গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এবার ১৩৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজাকে সামনে রেখে বিভিন্ন মণ্ডপে চলছে প্রস্তুতি। প্রতিমা তৈরির কাজ শেষ করতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা।
উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, কোথাও প্রতিমার কাঠামো তৈরির কাজ শেষ হয়েছে, কোথাও চলছে মাটির প্রলেপ ও শুকানোর কাজ। আবার কোনো কোনো মণ্ডপে প্রতিমায় রং ও সাজসজ্জার কাজও শুরু হয়েছে। পাশাপাশি প্যান্ডেল নির্মাণ,পরিষ্কার-পরিচ্ছন্নতা আলোকসজ্জার প্রস্তুতিও চলছে।
প্রতিমা কারিগররা জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ করতে দিন-রাত কাজ করতে হচ্ছে। মাটির কাজ শেষ হওয়ার পর প্রতিমায় রং, পোশাক ও অলংকার পরানোর কাজ করা হবে।
প্রতিমা কারিগর ভুট্টু চন্দ্র বলেন, পূজার সময় ঘনিয়ে আসায় কাজের চাপ বেড়েছে। সময়মতো প্রতিমা তৈরির কাজ শেষ করতে আমরা ব্যস্ত সময় পার করছি।
পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক আল্পনা গোস্বামী বলেন, উপজেলায় ১৩৫টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। প্রতিটি মণ্ডপে নিজস্ব উদ্যোগে প্রস্তুতি চলছে। নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি শেষ হবে বলে আশা করছি।
এদিকে পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানা গেছে। মণ্ডপগুলোতে নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্টরা জানান, প্রতিমা তৈরি ও মণ্ডপ সাজসজ্জার কাজ শেষ হলে পূজার আনুষ্ঠানিক আয়োজন শুরু হবে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন মণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের সমাগম হবে।
আজকালের খবর/বিএস