ঝালকাঠিতে যথাযথ মর্যাদায় বিশ্ব বসতি দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ, ঝালকাঠির যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার (৫ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এবারের বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য ছিল—‘সবার জন্য আবাসন, টেকসই নগর’।
আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি সাখাওয়াত হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর এবং ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণপূর্ত বিভাগ, ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী মো. আমান উল্লাহ সরকার।
আলোচনা সভায় বক্তারা বলেন, নিরাপদ, সাশ্রয়ী ও টেকসই আবাসন মানুষের মৌলিক চাহিদার অন্যতম। সবার জন্য নিরাপদ ও টেকসই আবাসন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বক্তারা টেকসই নগরায়ণ ও পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
আজকালের খবর/রাশেদুল মিলন