দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পল্লীতে খেলার সময় এক পর্যায়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে ডোবার পানিতে পড়ে দুই কন্যা শিশুর মৃত্যু ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে বিরামপুর উপজেলার ২নং কাটলা ইউনিয়নের উত্তর কাটলা গ্রামে মেহজাবিন আক্তার (২) ও জান্নাত হুজাইফা (৩) বাড়ির পাশে খেলা করছিল। এক পর্যায়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে প্রতিবেশী রহমত আলীর ডোবায় পড়ে যায়। কিছুক্ষণ পরে প্রতিবেশিরা ঐ দুই শিশুকে ডোবার পানি থেকে ডাঙ্গায় তুললে ঘটনাস্থলেই মেহজাবিন আক্তার (২) এর মৃত্যু ঘটে এবং অপর শিশু তাহিয়া জান্নাত হুজাইফা (৩) কে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত: ঘোষণা করেন।
মৃত দুই কন্যা শিশু হলো, বিরামপুর উপজেলার ২নং কাটলা ইউনিয়নের উত্তর কাটলা গ্রামের হুমায়ুন কবীরের মেয়ে মেহজাবিন আক্তার (২) ও তরিকুল ইসলামের মেয়ে তাহিয়া জান্নাত হুজাইফা (৩)।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক দুই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে সুরতহাল রিপোর্ট করে পরিবারের নিকট লাশ হস্তান্তর করেছে।
আজকালের খবর/ রাশেদুল মিলন