পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহতের ঘোষণা দিয়েছে গাজীপুর মহানগর যুবদল। নেতারা বলেছেন, জনজীবনে আতঙ্ক সৃষ্টি, শান্তি-শৃঙ্খলা বিনষ্ট এবং দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার পাশাপাশি প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তারা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় গাজীপুর শহরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে মহানগর যুবদল।
মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজুর নেতৃত্বে মিছিলটি রাজবাড়ী রোডসহ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি জুলাই চত্বরে গিয়ে সমাবেশে যোগ দেয়। এ সময় সন্ত্রাস বিরোধী প্রতিবাদী স্লোগানে গাজীপুরের প্রধান সড়ক উত্তাল হয়ে ওঠে।
গাজীপুর সদর মেট্রো থানা যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান বেলায়েতের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু।
মাহমুদ হাসান রাজু বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাজীপুর মহানগর যুবদল অতন্দ্র প্রহরী হিসেবে রাজপথে রয়েছে। কোথাও নৈরাজ্য, অরাজকতা কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড দেখা গেলে তা প্রতিহত করা হবে। রাজপথে সন্ত্রাস ও নৈরাজ্যের কবর রচনা করা হবে।
তিনি বলেন, জনগণের ভোটে গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট ও স্বৈরাচার সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কাজ চলছে। দেশের সমাজব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করা এবং মানুষের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন।
মাহমুদ হাসান রাজু বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসর এবং কোন সন্ত্রাসী গোষ্ঠী ষড়যন্ত্র করলে কিংবা বাধা সৃষ্টি করলে তাদের ছাড় দেওয়া হবে না। যুবদল সব সময় রাজপথে প্রস্তুত রয়েছে। কোনো অন্যায়, অরাজকতা ও সন্ত্রাসের ঠাঁই বাংলাদেশে হবে না।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি আধুনিক ও স্বনির্ভর দেশ হিসেবে গড়ে উঠবে। এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জনগণকে নিয়ে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য। এ সময় তিনি ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্য হাসিলের চেষ্টা প্রতিহত করতে হবে। জননিরাপত্তা বিঘ্নিত হয় কিংবা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। একই সঙ্গে রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা, বিশৃঙ্খলা কিংবা জনদুর্ভোগ সৃষ্টি না করে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ওপর গুরুত্ব দেন তারা।
তারা বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করার কোনো অপচেষ্টা জনগণ মেনে নেবে না। যেকোনো উসকানি ও বিশৃঙ্খলা এড়িয়ে নেতাকর্মীদের সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে সন্ত্রাস ও অরাজকতার মোকাবিলা করার আহ্বান জানান তারা।
সমাবেশে গাজীপুর সদর মেট্রো থানা যুবদলের আহ্বায়ক নাজমুল খন্দকার সুমন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন ফয়েজ প্রবাল, মাসুদ মোল্লা, যুবদল নেতা আসলাম মিয়াসহ মহানগর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ মিছিল-সমাবেশে মহানগর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। মিছিল ও সমাবেশের মাধ্যমে সন্ত্রাস, নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন নেতারা।
আজকালের খবর/বিএস