মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে চাকরির ফাঁকে টিআই সাইফ উদ্দিনের শখের বাগান
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৭ পিএম   (ভিজিট : ৪৮)
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি শখের বসে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন লক্ষ্মীপুরের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. সাইফ উদ্দিন। ট্রাফিক আইন প্রয়োগ ও যানজট নিরসনের ব্যস্ততার ফাঁকে শহরের চকবাজার মসজিদের পাশের হকারদের দখলমুক্ত একটি স্থানে গড়ে তুলেছেন নান্দনিক এক বাগান। যেখানে ঠাঁই পেয়েছে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ।

জানা যায়, ১৯৯৩ সালে ট্রাফিক পুলিশে যোগদানকারী সাইফ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় দায়িত্ব পালনের পর ২০২১ সালের ডিসেম্বরে লক্ষ্মীপুরে যোগদান করেন। এরপর থেকে চকবাজার জামে মসজিদের পূর্ব ও দক্ষিণ পাশের হকারদের দখলে থাকা স্থানটি উদ্ধার করে নিজ উদ্যোগে বাগানটি তৈরি করেন। ভোর ও রাতের অবসরে তিনি নিজেই নিয়মিত এই বাগানের পরিচর্যা করেন। তাঁর এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে স্থানীয় পরিবেশবাদী সংগঠন ‘সবুজ বাংলাদেশ’সহ অনেকে গাছ ও টব দিয়ে সহযোগিতা করছেন।

পরিবেশবাদী সংগঠন ‘সবুজ বাংলাদেশ’-এর জেলা আহ্বায়ক একে এম মাহবুবুর রশিদ বলেন, একজন পুলিশ কর্মকর্তা হয়ে মানুষের কল্যাণে ও পরিবেশের সুরক্ষায় এমন বাগান করা সত্যিই প্রশংসনীয়। তাঁদের সংগঠনের পক্ষ থেকে এই উদ্যোগে সহযোগিতা করা হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

টিআই সাইফ উদ্দিন জানান, তাঁর বাবা ছিদ্দিকুর রহমান একজন উপজেলা কৃষি কর্মকর্তা ছিলেন। বাবার ইচ্ছায় পুলিশ বাহিনীতে যোগ দিলেও গাছের প্রতি তাঁর দুর্বলতা ছোটবেলা থেকেই। চাকরির অবসরের বেশিরভাগ সময় তিনি এই বাগানেই কাটাচ্ছেন। গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনের সময় উত্তর তেমুহনী এলাকার একটি বাগান দুর্বৃত্তদের দ্বারা ক্ষতিগ্রস্ত হলেও চকবাজারের বাগানটি টিকিয়ে রেখেছেন। সুযোগ পেলে ভবিষ্যতে রায়পুরের শাহী মসজিদ ও লেংড় বাজার বড় মসজিদ এলাকায়ও এমন বাগান করার ইচ্ছা রয়েছে তাঁর।

ট্রাফিক ব্যবস্থাপনার পাশাপাশি একজন পুলিশ কর্মকর্তার এমন সৃজনশীল ও পরিবেশবান্ধব উদ্যোগ ইতোমধ্যে স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন মহলে দারুণ প্রশংসিত হয়েছে।


আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft