বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর (ক্যাশ) বা উপপরিচালক ( ক্যাশ) পদে পদোন্নতি পেলেন হাওর দ্বীপ খালিয়াজুরী উপজেলার কৃতি সন্তান জ্যোতির্ময় সরকার। তিনি ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ডেপুটি ডিরেক্টর (ক্যাশ) পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত হন। তার এই পদোন্নতিতে হাওড়ের ভাটি অঞ্চলে আনন্দের জোয়ার উঠেছে।
জ্যোতির্ময় সরকার ২০১৮ সালে ক্যাশ অফিসার হিসেবে বাংলাদেশ ব্যাংকে কর্মজীবন শুরু করেন। তারপর সুনামের সহিত ২০২১ সালে সহকারী পরিচালক (ক্যাশ) পদে পদোন্নতি লাভ করেন।
বর্তমানে তিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের কমন সার্ভিসেস ডিপার্টমেন্ট -১ এ কর্মরত আছেন।প্রত্যন্ত উপজেলা খালিয়াজুরীর মেন্দিপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।তার পিতা বাবু জ্যোতিশ চন্দ্র সরকার ও মাতা স্বর্গীয়া মিনা রাণী সরকার।
ছোট বেলা থেকে মেধাবী জ্যোতির্ময় সরকারের পার্শ্ববর্তী গ্রামের ইছাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হাতেখড়ি শুরু হয় এবং প্রাথমিকে বৃত্তি লাভ করেন।তিনি ময়মনসিংহ জিলা স্কুল থেকে এসএসসি ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ , ময়মনসিংহ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন।
পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতক ( সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন । এছাড়াও তিনি পেশাগত দক্ষতা বৃদ্ধিকরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) থেকে মাস্টার্স ইন ব্যাংক ম্যানেজমেন্ট (এমবিএম) ডিগ্রি অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ এর অধীনে ব্যাংকিং ডিপ্লোমা -জেএআইবিবি ও এআইবিবি সম্পন্ন করেন।
ব্যাংক পেশার পাশাপাশি ব্যাক্তিগত বা পারিবারিক জীবনেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তার অর্ধাঙ্গিনী পূর্ণিমা কবিরাজ যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক(সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। সংসার জীবনে তাদের রয়েছে এক ফুটফুটে কন্যা সন্তান।
জ্যোতির্ময় সরকার ব্যাংকিং পেশা কে বাংলাদেশের প্রেক্ষাপটে মেধাবী তরুণদের বেকারত্ব গোছানো, কর্মসংস্থান সৃষ্টি, আর্থিক অন্তর্ভুক্তি ও দেশের অর্থনৈতিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ পেশা হিসেবে মনে করেন।
আজকালের খবর/ এমকে