কিশোরগঞ্জের অষ্টগ্রামে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২৪টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন এবং আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার সাথী দিসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সহধর্মিণী এডভোকেট উম্মে কুলসুম রেখা, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সায়েদ আহমেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মজনু মিয়া এবং বিভিন্ন দপ্তরের প্রধান ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে ২৫টি পরিবারকে দুই বান্ডেল করে ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক এবং অপর ৯৯টি পরিবারকে ৪ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
আজকালের খবর/কাওছার আল হাবীব