বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কৃষকের সার নেই, পেটে ভাত নেই। যুবকের কাজ নেই, বাড়িতে কোনো নিরাপত্তা নেই। অন্যদিকে ব্যাংকে টাকা নেই, অথচ এক দল লোক এখনো ‘খাই খাই’ জিকিরে ব্যস্ত।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আনুমানিক সাড়ে ৩টায় বগুড়ার ধুনটমোড় এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর দেশব্যাপী লং মার্চ কর্মসূচির অংশ হিসেবে এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় ডা. শফিকুর রহমান দেশের অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সাধারণ মানুষ আজ নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য ও সামাজিক নিরাপত্তাহীনতায় দিশেহারা। দেশের কৃষি খাত চরম সংকটে, যুবসমাজ বেকারত্বের অভিশাপ বইছে, আর আর্থিক খাত লুটেরাদের কারণে খালি হয়ে গেছে। এ অবস্থা থেকে দেশকে রক্ষা করতে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।
পথসভায় স্থানীয় ও কেন্দ্রীয় জামায়াত নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। এ সময় লং মার্চকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের পাশাপাশি কঠোর জনসমাগম পরিলক্ষিত হয়।
আজকালের খবর/বিএস