ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের টাকার জন্য মা-বাবাকে নির্যাতন করায় এনায়েতুল্লাহ-(৩৫) নামে এক মাদকাসক্ত যুবককে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে অভিযোগের প্রেক্ষিতে পৌর এলাকার আমিনপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত।
সদর মডেল থানার পুলিশকে সাথে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন। পরে ভ্রাম্যমাণ আদালত এনায়েতুল্লাহকে ৪০ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা জরিমানা প্রদান করেন। দন্ডপ্রাপ্ত এনায়েতুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার আমিনপুর গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে।
এনায়েতুল্লাহর বাবা ফেরদৌস মিয়া বলেন, আমার তিন ছেলের মধ্যে ছোট ছেলে এনায়েতুল্লাহ মাদকাসক্ত। অনেক চেষ্টা করেও তাকে মাদক সেবন থেকে বিরত রাখতে পারিনি। মাদকের টাকা না দিলে সে আমাদেরকে মারধর করে। মাদকের টাকা না পেয়ে গ্রামের বিভিন্ন বাড়িতে চুরি করে। তার যন্ত্রণায় আমরা অতিষ্ঠ। এলাকায় মুখ দেখানোর মতো অবস্থা নেই। পরে বাধ্য হয়ে ছেলের বিরুদ্ধে অভিযোগ দিয়েছি।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মাদকাসক্ত ছেলের যন্ত্রণায় বাবা-মা অভিযোগ দিয়েছেন। এরই প্রেক্ষিতে সদর উপজেলা প্রশাসন ও সদর মডেল থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত যুবককে ৪০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা জরিমানা করেন। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
আজকালের খবর/বিএস