ভৈরব থেকে জেল পলাতক আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জীবন ওরফে দুখু মিয়া (৩৬) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় ভৈরব রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি জীবন ওরফে দুখু মিয়া পৌর শহরের মালগুদাম বস্তিতলা এলাকার দুদু মিয়ার ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট গাজীপুর জেলা কারাগার থেকে পালিয়ে যায় জীবন ওরফে দুখু মিয়া। তার বিরুদ্ধে রেলওয়ে চট্টগ্রাম, জামালপুর রেলওয়ে থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি মামলাসহ একাধিক হত্যা মামলা রয়েছে। বুধবার ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার বদরুদ্দৌজা’র দিক নির্দেশক্রমে এএসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার বদরুদ্দৌজা বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানে গাজীপুর জেলা কারাগার থেকে পালিয়ে যায় জীবন ওরফে দুখু মিয়া। ২ বছরের অধিক সময় দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলো সে। তার বিরুদ্ধে ডাকাতি মামলা ও হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও আমৃত্যু কারাদণ্ডের সাজা রয়েছে। আজ বিকাল ৫টায় তাকে ভৈরব থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আজকালের খবর/বিএস