পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বিএসআরএমের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যদের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড ও বিএসআরএমের মধ্যে একটি সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং-এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) পার্কভিউ হসপিটাল লিমিটেডের বোর্ডরুমে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারকের আওতায় বিএসআরএমের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যরা পার্কভিউ হসপিটাল লিমিটেড থেকে বিশেষায়িত চিকিৎসাসেবা, আধুনিক চিকিৎসা প্রযুক্তির সুবিধাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে বিএসআরএমের পক্ষে উপস্থিত ছিলেন কর্পোরেট সার্ভিস প্রধান মো. ইসমাঈল, এডমিন ম্যানেজার মো. নুরুউদ্দিন তালুকদার, এক্সিকিউটিভ রাজিব দাশসহ অন্যান্য কর্মকর্তারা।
পার্কভিউ হসপিটাল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন- জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) তালুকদার জিয়াউর রহমান শরীফ, ম্যানেজার (মার্কেটিং ও ব্র্যান্ড) মো. জাহেদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিজাম উদ্দীন, এক্সিকিউটিভ মশিউর রহমান শরীফ, অ্যাডমিন এক্সিকিউটিভ মিনহাজুর রহমান এবং কর্পোরেট অফিসার হেলাল পারভেজসহ অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে পার্কভিউ হসপিটাল লিমিটেড ও বিএসআরএমের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এর ফলে বিএসআরএমের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যরা সহজে এবং বিশেষ সুবিধায় পার্কভিউ হসপিটাল লিমিটেডের স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।
বক্তারা আরও বলেন, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এ ধরনের প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব উভয় প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি ও কার্যকর সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ সমঝোতা স্মারকের মাধ্যমে পার্কভিউ হসপিটাল লিমিটেড ও বিএসআরএমের মধ্যে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার পরিধি আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য ও জনবান্ধব করে তুলতে এ উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
আজকালের খবর/বিএস