মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের বেলতলী জোড়াসেতুর পাশে অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে গেছে। রবিবার (৩০ আগস্ট) দিবাগত রাত সোয়া ১টার দিকে সড়কের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনের খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই এলাকার বাবুল হোসেন, আনোয়ার হোসেন ও রাজনের মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন মালামালসহ আসবাবপত্র পুড়ে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলতলী জোড়াসেতুর পাশে অবস্থিত দোকানপাটে অগ্নিকাণ্ডের খবর শুনতে পান তারা। মুহুর্তের মধ্যে দোকানের ভিতরে আগুন ছড়িয়ে পড়ে। এতে করে টিন ও কাঠের তৈরি ১টি ইলেকট্রনিক, ১টি মুদি ও ১টি খাবার হোটেল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ লিডার মো. সোহেল রানা জানান, ফায়ার ফাইটার আ. ছবুর তালুকদারের নেতৃত্বে ঘটনাস্থলে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দোকানপাটে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
আজকালের খবর/বিএস