গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম বাংলাদেশের ইতিহাসে অমলিন হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।
তিনি বলেন, রাজনৈতিক প্রতিকূলতা, মিথ্যা মামলা, কারাবাস ও নানা নির্যাতন ও চাপের মধ্যেও খালেদা জিয়া গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) রাজবাড়ী রোডস্থ গাজীপুর জেলা বিএনপি কার্যালয়ে মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শওকত হোসেন সরকার বলেন, আমরা প্রত্যাশা করেছিলাম প্রিয় নেত্রী চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করবেন। তার অপূরণীয় প্রয়াণে সৃষ্ট শোককে শক্তিতে রূপান্তর করে ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় তারেক রহমানের সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্বৈরাচার ও অপশক্তির কাছে নতিস্বীকার না করা খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বই বিএনপির রাজনীতির চিরন্তন প্রেরণা।
তিনি অভিযোগ করে বলেন, বিগত আওয়ামী লীগ সরকার অসুস্থ খালেদা জিয়াকে সুচিকিৎসা ও রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করেছিল। জনগণ তাদের সেই কর্মকাণ্ডের জবাব দিয়েছে এবং ওই অপশক্তি আজ রাজনৈতিকভাবে নিঃশেষ।
তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার অবদান শুধু প্রধানমন্ত্রী হিসেবে নয়, গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনেও তার ভূমিকা গুরুত্বপূর্ণ।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ধারণ করে তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে বিএনপি সরকারের বিভিন্ন সময়ে সফলভাবে কৃষি, শিক্ষা, শিল্পসহ বিভিন্ন খাতে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছিল।
নেতাকর্মীদের উদ্দেশে শওকত হোসেন সরকার বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ, দেশপ্রেম ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে এবং জনগণের পাশে দাঁড়াতে হবে।
মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, অ্যাডভোকেট শহীদ উজ্জামান, গাজীপুর মেট্রো সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, সুরুজ আহমেদ, মোখলেসুর রহমান, বশির আহমেদ, হান্নান মিয়া হান্নু, অ্যাডভোকেট আব্দুস সালাম, সালাউদ্দিন, অ্যাডভোকেট নাসির উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, গাজীপুর সদর মেট্রো থানা যুবদলের আহ্বায়ক নাজমুল খন্দকার সুমন, বেলায়েত হোসেন, যুগ্ম সম্পাদক ফরহাজ বিন ফায়েজ প্রবাল, সভাপতি রুহানুজ্জামান শুক্কুর, যুবদল নেতা আসলাম মিয়াসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ বিএনপির প্রয়াত নেতাকর্মীদের জন্যও দোয়া করা হয়।
এদিকে একই উপলক্ষে গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগেও পৃথক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানেও খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতান্ত্রিক আন্দোলন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার দীর্ঘ সংগ্রাম স্মরণ করা হয়।
আজকালের খবর/বিএস