মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
গাজীপুর সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচিতে মেহেদী হাসান এলিস
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৫:৪৭ পিএম   (ভিজিট : ৩৯)
দেশের বনভূমি উজাড় ও নির্বিচারে বৃক্ষনিধন বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গাজীপুর মেট্রো সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস। তিনি বলেছেন, একটি গাছ কাটলে পাঁচটি গাছ রোপণ করতে হবে।  পরিবেশের ভারসাম্য রক্ষা, অতিবৃষ্টি, খরা ও প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু সরকারি উদ্যোগ নয়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংবাদিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণ আন্দোলনে সম্পৃক্ত হতে হবে।

সোমবার (১০ আগস্ট) গাজীপুর শহরের রাজদীঘির পাড়ে গাজীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণকালে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান  প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে অতিবৃষ্টি, খরা ও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে দেশকে রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দেওয়া হয়েছিল। সরকার গঠনের পর সেই লক্ষ্য বাস্তবায়নে সারাদেশের জেলা ও উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও এতে অংশ নিচ্ছে।

এই উদ্যোগকে দেশবাসী স্বাগত জানিয়েছেন-উল্লেখ করে মেহেদী হাসান এলিস বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ একটি মহতী উদ্যোগ। বর্ষা মৌসুমকে কাজে লাগিয়ে দেশের বিভিন্ন এলাকায় মানুষ ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করছেন। এভাবে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।

গাজীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে এ ধরনের কর্মসূচি নিয়ে আরও এগিয়ে আসতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের ইশতেহারের মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ, মানবিক ও ভবিষ্যতমুখী উদ্যোগ। জনগণের কল্যাণে সরকারের অন্যান্য কর্মসূচিও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। এই সরকার জনগণের সরকার, মানবতার কল্যাণের সরকার। সরকারের প্রধান থিম-সবার আগে বাংলাদেশ।

গাজীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে শুধু রাজদীঘির পাড়ে নয়, জেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সকালে বাড়িয়া ইউনিয়নের আড়গড়িয়া বিলের রাস্তা, আড়গড়িয়ার একটি বাগান, গাজীপুর শহরের রাজদীঘির পাড়, দাক্ষিণখান, মেডুবি, হাজিবাগ, বিলাসাড়া, বাদুন, রায়েদ ও পাইটালবাড়ি এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচির মধ্য দিয়ে পরিবেশ রক্ষায় স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানো এবং বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানানো হয়।

গাজীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আবিদ হোসেন বুলবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম কাঞ্চনের সঞ্চালনায় কর্মসূচিতে  বক্তব্য রাখেন-গাজীপুর মেট্রো সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন, দৈনিক গণকণ্ঠের গাজীপুর মহানগর প্রতিনিধি মো. গোলাম রসুল দিনার, দৈনিক জাতীয় অর্থনীতির গাজীপুর প্রতিনিধি মেহেদী হাসান, দৈনিক জাগরণের গাজীপুর প্রতিনিধি মানিক সরকার, সারোয়ার হোসেন, মো. হাসিবসহ সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft