শনিবার ৮ আগস্ট ২০২৬
মালয়েশিয়া–বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা জোরদারে পুত্রজায়ায় বৈঠক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১০:৫১ এএম   (ভিজিট : ২)
মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে আর্থিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে পুত্রজায়ায় বৈঠক করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী এবং দেশটির উপ-অর্থমন্ত্রী লিউ চিন টং।

বৃহস্পতিবার (৬ আগস্ট) মালয়েশিয়ার অর্থ মন্ত্রণালয়ের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন অর্থনৈতিক ও আর্থিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে প্রস্তাবিত বাংলাদেশ–মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা, ইসলামী অর্থায়ন, অর্থপাচার প্রতিরোধ ও পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার, দেশে ফিরে যাওয়া বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের মালয়েশিয়ার ব্যাংকে রক্ষিত আমানত উত্তোলন সহজীকরণ, হালাল শিল্পে অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ, মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ‘খাজানাহ’-এর সঙ্গে সহযোগিতা এবং বাংলাদেশের প্রস্তাবিত তহবিলে মালয়েশিয়ার কৌশলগত বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

উভয় পক্ষ দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পৃক্ততা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পারস্পরিকভাবে লাভজনক উদ্যোগের মাধ্যমে অর্থায়ন, বিনিয়োগ এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা জোরদারে অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে উপ-অর্থমন্ত্রী লিউ চিন টং বাংলাদেশ–মালয়েশিয়া সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানান। একই সঙ্গে আলোচ্য খাতগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণে তাঁর আগ্রহের কথাও জানান।

বৈঠকে মালয়েশিয়ার অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং রয়্যাল মালয়েশিয়ান কাস্টমস বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ হাইকমিশনের পক্ষে উপ-হাইকমিশনার মিস সাহানারা মনিকা, প্রথম সচিব (বাণিজ্য) প্রণব কুমার ঘোষ এবং তৃতীয় সচিব (রাজনৈতিক) মোহাম্মদ তানজিম হোসাইন অংশ নেন।

আজকালের খবর/এমকে








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft