যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতির সময় আমেরিকান এয়ারলাইন্সের দুটি বিমানের ডানায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ট্যাক্সিওয়ের মাধ্যমে উড্ডয়নের জন্য এগিয়ে যাওয়ার সময় আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৬৩৮ অপর একটি বিমান, ফ্লাইট ২১৫২-এর ডানায় ধাক্কা দেয়।
এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, উভয় বিমানই বোয়িং ৭৩৭-৮০০ মডেলের। সংঘর্ষে বিমান দুটির ডানার প্রান্ত বা উইংটিপ পরস্পরের সংস্পর্শে আসে।
ঘটনার পরপরই এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা জরুরি সাড়া দেওয়ার নির্দেশ দেন এবং বিমানবন্দরের অগ্নিনির্বাপণ কর্মীদের প্রস্তুত থাকতে বলেন। পরে বিমান দুটিকে আবার গেটে ফিরিয়ে নেওয়া হয়।
আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে বিমান দুটি রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। রক্ষণাবেক্ষণ দলের সদস্যরা সেগুলো পরীক্ষা করছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত দুই ফ্লাইটের যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
উল্লেখ্য, একই রোনাল্ড রিগ্যান বিমানবন্দরেই ২০২৫ সালের জানুয়ারিতে একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষ ঘটে। ওই দুর্ঘটনায় ৬৭ জনের প্রাণহানি হয়েছিল।সূত্র: বিবিসি
আজকালের খবর/বিএস