মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
ইসরায়েলি সেনাবাহিনীতে ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ আত্মহত্যা
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ২:১৪ পিএম   (ভিজিট : ২)
চলতি বছরের শুরু থেকে দায়িত্বরত অবস্থায় ইসরায়েলি সেনাবাহিনীর ২৩ জন সৈন্য ও কর্মকর্তা আত্মহত্যা করেছেন। বাহিনীটির নথিবদ্ধ আত্মহত্যার বার্ষিক ঘটনাগুলোর ১৬ বছরের মধ্যে এটি সর্বোচ্চ সংখ্যা।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিয়মিত বা রিজার্ভ বাহিনীতে দায়িত্ব পালন করা ১৭ জন সেনা সক্রিয় কর্মজীবন ছাড়ার পর চলতি বছর আত্মহত্যা করেছেন। এছাড়া, ২০২৬ সালে পাঁচজন পুলিশ কর্মকর্তাও আত্মহননের পথ বেছে নেন।

এই পরিসংখ্যানগুলো ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া যুদ্ধের পর থেকে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে আত্মহত্যার ক্রমবর্ধমান প্রবণতার দিকটি তুলে ধরেছে। যুদ্ধের আগের এক দশকে ইসরায়েলি সেনাবাহিনীতে প্রতি বছর গড়ে প্রায় ১২টি আত্মহত্যার ঘটনা নথিবদ্ধ হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের ৩১ হাজার ৫০০-র বেশি আইডিএফ সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে প্রায় ৬২ শতাংশ বা ১৯ হাজার ৬০০ জন মানসিক সমস্যার জন্যও চিকিৎসা নিচ্ছেন। এসব মানসিক সমস্যার মধ্যে আছে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি), উদ্বেগ, বিষণ্ণতা এবং স্বাভাবিক বেসামরিক জীবনে ফিরে আসার জটিলতা।

এদের মধ্যে ১০হাজার ১০০ জন কেবল মানসিক আঘাতের সঙ্গেই লড়াই করছেন আর ৯ হাজার ৪০০ জন শারীরিক আঘাত ও মানসিক সমস্যা, উভয়েই ভুগছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের সব যুদ্ধ মিলিয়ে এই বিভাগের অধীনে চিকিৎসাধীন মোট আহত সদস্যের সংখ্যা ৯২ হাজার ৩০০ জনে পৌঁছেছে, যাদের মধ্যে ৪৭ শতাংশ মানসিক আঘাতের সঙ্গে লড়ছেন।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft