রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
রায়ের প্রতিক্রিয়ায় দেয়া বিবৃতিতে রোহিঙ্গাদের বাঙালি বলেই দাবি করল মিয়ানমার
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১:৩৩ পিএম   (ভিজিট : ১৪)
পরিস্থিতি অনুকূলে এলে বাংলাদেশে বর্তমানে আশ্রিত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের যাচাই-বাছাই সাপেক্ষে ফিরিয়ে নেয়ার (প্রত্যাবাসন) ঘোষণা দিয়েছে মিয়ানমার। একই সঙ্গে দেশটির উত্তর রাখাইন রাজ্যে বাস্তুচ্যুত ব্যক্তিদের জন্য চলমান মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানিয়েছে নেপিদো। 

রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জেনোসাইড (জাতিগত হত্যা) চালিয়েছে- জাতিসংঘের সর্বোচ্চ আদালতের (আইসিজে) দেয়া এ রায়ের প্রতিক্রিয়ায় শুক্রবার (২০ নভেম্বর) মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে রোহিঙ্গাদের বাঙালি বলেও উল্লেখ করে দেশটি।

মিয়ানমার তার জনগণের সর্বোত্তম স্বার্থ এবং জাতীয় সার্বভৌমত্ব সমুন্নত রেখেই সহায়তা ও পুনর্বাসন সংক্রান্ত পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানানো হয় বিবৃতিতে। এতে আরও উল্লেখ করা হয়, অভ্যন্তরীণ আইন, আন্তর্জাতিক রীতিনীতি, বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তি এবং চলমান আন্তর্জাতিক সহযোগিতা কর্মসূচির আলোকেই উত্তর রাখাইন রাজ্যে মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

আইসিজের রায়ে হতাশা প্রকাশ করে বিবৃতিতে মিয়ানমার কর্তৃপক্ষ বলেছে, লিখিত ও মৌখিক- উভয় ধরনের শুনানির মাধ্যমেই মিয়ানমার আদালতের সামনে তথ্য-উপাত্ত ও নথিপত্রসহ বিস্তারিত এবং জোরালো প্রমাণ উপস্থাপন করেছে। এতে দেখানো হয়েছে যে, গাম্বিয়ার অভিযোগসমূহ এবং তাদের উল্লিখিত প্রতিবেদনগুলো ছিল প্রকৃত পরিস্থিতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ও ভুল দাবি।

 রোহিঙ্গাদের বাঙালি সম্বোধন করে দেশটি আরও জানিয়েছে, ২০১৬-২০১৮ সালে উত্তর রাখাইন রাজ্যে পরিচালিত সন্ত্রাসবিরোধী কার্যক্রম কোনোভাবেই গণহত্যা চালানোর উদ্দেশ্যে করা হয়নি; বরং এগুলো ছিল সীমিত পরিসরের ও স্বল্পস্থায়ী, যা মাত্র কয়েক দিন স্থায়ী ছিল। মূলত ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’ (আরসা)-এর ব্যাপক সন্ত্রাসী হামলার সরাসরি প্রতিক্রিয়া হিসেবেই এই পদক্ষেপ নেয়া হয়েছিল। প্রকৃতপক্ষে, আরসার হুমকি, আক্রমণ, ধ্বংসলীলা, হত্যাকাণ্ড এবং সন্ত্রাসী কর্মকাণ্ডই গ্রাম ও শহরগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল, যার ফলে স্থানীয় বাসিন্দা ও বাঙালিরা বাস্তুচ্যুত হতে বাধ্য হয়।

উত্তর রাখাইন রাজ্যের পরিস্থিতি অত্যন্ত জটিল এবং এটি মূলত মিয়ানমারের একটি অভ্যন্তরীণ বিষয় বলেও জানিয়েছে দেশটি এবং বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মিয়ানমারের সামনে থাকা কঠিন চ্যালেঞ্জগুলোকে বস্তুনিষ্ঠভাবে দেখা এবং দেশটির সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান জানিয়ে পরিস্থিতি সহজ করার ক্ষেত্রে গঠনমূলক ভূমিকা পালন করা। এছাড়া পরিস্থিতি অনুকূলে এলেই পরিচয় যাচাই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে অবস্থানরত বাস্তুচ্যুতদের প্রত্যাবাসন শুরু করা হবে বলে জানিয়েছে নেপিদো।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft