শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
হুথি হামলার আতঙ্কে ২ দিনে সৌদিতে ১৫ বার সতর্কতা
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১:১৯ পিএম   (ভিজিট : ২১)
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সৌদি আরবে দুই দিনে ১৫ বার জরুরি সতর্কতা জারি করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। এর মধ্যে বৃহস্পতিবার এক দিনেই জারি করা হয়েছে ১২টি সতর্কবার্তা।

শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় মধ্যরাত থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত আরও তিনটি সতর্কতা জারি করা হয়।

সতর্কতাগুলো দেওয়া হয়েছে ইয়েমেন সীমান্তসংলগ্ন সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আবহা, জিজান ও খামিস মুশাইত এলাকায়। এসব এলাকার মধ্যে খামিস মুশাইতে একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি রয়েছে।

আল-জাজিরার তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১২টা ৪৯ মিনিট থেকে বিকেল ৫টা ৫৯ মিনিট পর্যন্ত ১২টি সতর্কবার্তা জারি করা হয়।

এর মধ্যে আবহা শহর ও খামিস মুশাইত এলাকায় তিনবার করে, রিয়াদে দুবার এবং ওয়াদি আল-দাওয়াসির, আল-সুলাইয়িল, নাজরান ও আল-খারজ এলাকায় একবার করে সতর্কতা দেওয়া হয়।

তবে, বেশিরভাগ সতর্কতাই কয়েক মিনিটের মধ্যে তুলে নেওয়া হয়। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যালোচনা করে হুমকি কেটে গেছে বলে নিশ্চিত হওয়ার পর এসব সতর্কতা প্রত্যাহার করে।

এরই মধ্যে, গত বৃহস্পতিবার হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদের সবচেয়ে উঁচু ভবন পিআইএফ টাওয়ার। ভবনটির সাত থেকে আট তলার জানালা ভেঙে গেছে।

এছাড়া, বাইরের ধাতব আবরণের কিছু অংশ বেঁকে গেছে এবং আশপাশের কয়েকটি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।

ভবনটি সৌদি আরবের রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দপ্তর। সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ প্রকাশিত ছবিতেও ভবনটিকে পিআইএফ টাওয়ার হিসেবে শনাক্ত করা হয়েছে।

এদিকে, হুথিরা রিয়াদের আর্থিক এলাকায় দুই দফা হামলার দাবি করেছে।

পাশাপাশি, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত বিমানঘাঁটি এবং পূর্বাঞ্চলীয় প্রদেশ জুবাইলের সাদাফ পেট্রোকেমিক্যাল কোম্পানিতেও হামলার দাবি করেছে গোষ্ঠীটি।

সূত্র: আল-জাজিরা

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft