সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
গোপনে আরব দলগুলোর সমর্থন চেয়েছেন নেতানিয়াহু!
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৬:৩১ পিএম   (ভিজিট : ১৩)
প্রকাশ্যে আরব রাজনৈতিক দলগুলোর তীব্র বিরোধিতা করলেও আড়ালে সরকার গঠনে তাদের সমর্থন চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

শুক্রবার (১৩ নভেম্বর) এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের আরব জয়েন্ট লিস্টের সংসদ সদস্য আহমাদ তিবি।

নিজের দাবির স্বপক্ষে প্রমাণ হিসেবে নেতানিয়াহুর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী নাতান এশেলের পাঠানো ব্যক্তিগত বার্তার কথাও সামনে এনেছেন তিনি। এ ঘটনায় ইসরায়েলের রাজনীতিতে নতুন করে তীব্র বিতর্ক ও তোলপাড় শুরু হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’-এর প্রতিবেদন অনুযায়ী, চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিবি দাবি করেন, বিরোধী দল ইয়াশারের চেয়ারম্যান গাদি আইজেনকোটের নেতৃত্বে বিকল্প সরকার গঠনের উদ্যোগ ঠেকাতে নেতানিয়াহুর পক্ষ থেকে আরব আইনপ্রণেতাদের সঙ্গে গোপনে যোগাযোগ করা হয়েছিল।

নিজের দাবির স্বপক্ষে প্রমাণ হিসেবে তিবি জানান, নির্বাচনের এক সপ্তাহ আগে, ভোটগ্রহণের পরদিন এবং ফল প্রকাশের পরও নেতানিয়াহুর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী ও ব্যক্তিগত উপদেষ্টা নাতান এশেল তাকে বার্তা পাঠিয়েছিলেন। সাক্ষাৎকারে তিবি নিজের মুঠোফোনের কয়েকটি বার্তা ক্যামেরার সামনে তুলে ধরেন, যদিও ছবির মান অস্পষ্ট থাকায় দর্শকদের পক্ষে লেখাগুলো স্পষ্টভাবে পড়া সম্ভব হয়নি।

তিবি আরও দাবি করেন, নেতানিয়াহু সরকারের একজন মন্ত্রী চলতি সপ্তাহেও তার সঙ্গে যোগাযোগ করে আইজেনকোটের নেতৃত্বে সরকার গঠনের পক্ষে ভোট না দিতে এবং নতুন নির্বাচনের পক্ষে অবস্থান নিতে অনুরোধ করেছিলেন। ওই মন্ত্রী নাকি বলেছিলেন যে বিরোধীরা আরব দলগুলোকে নেবে না, তাই পুনরায় নির্বাচনে যাওয়াই তাদের জন্য ভালো হবে।

সাধারণত ব্যক্তিগত কথোপকথন প্রকাশ্যে আনেন না উল্লেখ করে আহমাদ তিবি বলেন, নেসেটে নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যের পরই তার প্রকাশ্য অবস্থান ও গোপন তৎপরতার মধ্যকার চরম দ্বিচারিতা বা ভণ্ডামি তুলে ধরতে তিনি এসব তথ্য প্রকাশ করতে বাধ্য হয়েছেন।

তবে আহমাদ তিবির আনা সব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ক্ষমতাসীন লিকুদ পার্টি। চ্যানেল ১২-কে দেওয়া প্রতিক্রিয়ায় অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ মিথ্যা’ অভিহিত করে দলটি দাবি করেছে, জাতীয় সংগীতের প্রতি অসম্মান দেখানো এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সেনাদের ক্ষতি করা কোনো দলের সঙ্গেই লিকুদ সহযোগিতা করে না।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft