বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
জলবায়ুর পরিবর্তনের প্রভাবে যেভাবে বাড়ছে দুর্যোগ
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:৫৭ এএম   (ভিজিট : ৭)
বিশ্বজুড়ে আবহাওয়া হয়ে উঠছে চরমভাবাপন্ন। তাপপ্রবাহ, খরা, দাবানল কিংবা বন্যা আগের তুলনায় ঘন ঘন ঘটছে; হয়ে উঠছে আরও বেশি ভয়াবহ।

আর এই পরিবর্তনের পেছনে রয়েছে মানুষের কর্মকাণ্ড। জীবাশ্ম জ্বালানির ব্যবহার বাড়িয়ে দিচ্ছে বৈশ্বিক উষ্ণতা। আর ক্রমবর্ধমান তাপমাত্রা কীভাবে দুর্যোগের সংখ্যা ও মাত্রা বাড়িয়ে দিচ্ছে, এক প্রতিবেদনে তা তুলে ধরেছে বিবিসি।

তীব্রতর ও দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ

কোনো অঞ্চলে গড় তাপমাত্রা সামান্য বাড়লেও প্রতিদিনের তাপমাত্রার ওঠানামার ক্ষেত্রে তার বড় প্রভাব পড়ে।

প্রতিদিনের তাপমাত্রা যখন বাড়তির দিকে থাকে, তখন অতিরিক্ত গরমের দিন বেড়ে যায়, ওইসব দিনের তাপমাত্রাও হয়ে ওঠে আরও তীব্র।

কোনো নির্দিষ্ট চরম আবহাওয়াজনিত ঘটনা কীভাবে ঘটেছে, তা বোঝার জন্য বিজ্ঞানীরা কম্পিউটার মডেলের সহায়তায় দুটো পরিস্থিতির তুলনা করেছেন।

প্রথম ক্ষেত্রে তারা বুঝতে চেয়েছেন, মানবসৃষ্ট কারণে বৈশ্বিক উষ্ণতা যদি প্রাক শিল্পায়ন যুগের চেয়ে ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়, তখন কী ঘটবে।

আর দ্বিতীয় ক্ষেত্রে তারা এমন একটি বিশ্ব কল্পনা করেছেন, যেখানে জলবায়ুর ওপর মানুষের কোনো প্রভাব নেই।

কোনো একটি তাপপ্রবাহ, ঝড় কিংবা খরা ভয়ঙ্কর রূপ ধারণ করার পেছনে জলবায়ুর পরিবর্তনের প্রভাব কতটা, এই বিশ্লেষণের মাধ্যমে বিজ্ঞানীরা তা অনুমান করার চেষ্টা করেছেন।

বিবিসি লিখেছে, যুক্তরাজ্য ২০২৬ সালে ইতিহাসের সবচেয়ে উষ্ণ গ্রীষ্মকাল পার করছে। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে এমন গ্রীষ্ম দেখা দেওয়ার শঙ্কা ১৩০ গুণ বেড়ে গেছে।

এবারের গ্রীষ্মে যুক্তরাজ্যজুড়ে পাঁচ দফা বড় পরিসরে তাপপ্রবাহ বয়ে গেছে। ওই সময় ৪০ দিন তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস (৮৬ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে গেছে।

যুক্তরাজ্যের আবহাওয়া অফিসের জলবায়ুর প্রভাব বিশ্লেষণ বিভাগের প্রধান মার্ক ম্যাকার্থি বলেন, ২০২৬ সালের গ্রীষ্মকাল ‘ব্যতিক্রমী’। বিশ্ব আরও উষ্ণ হতে থাকলে এ ধরনের চরম তাপপ্রবাহ আরও বাড়বে।

ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন (ডব্লিউডব্লিউএ) গ্রুপের বিজ্ঞানীদের মতে, চলতি বছর বিশ্বের বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া একাধিক তাপপ্রবাহকে তীব্রতর করে তুলেছে জলবায়ুর পরিবর্তন।

উদাহরণ হিসেবে তারা বলছেন, অস্ট্রেলিয়ায় চলতি বছরের জানুয়ারিতে ছয় বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহ ঘটেছে। ভারতে এপ্রিলজুড়ে গড় তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। জুন মাসে ইউরোপে বয়ে গেছে প্রাণঘাতী তাপপ্রবাহ। এ সবই জলবায়ু পরিবর্তনের ফল।

বিজ্ঞানীরা বলছেন, ‘হিট ডোম’ বা উচ্চচাপ বলয়ের কারণেও চরম তাপপ্রবাহ সৃষ্টি হতে পারে। একটি অঞ্চলে কয়েক দিন বা কয়েক সপ্তাহ ধরে উচ্চচাপ বলয় স্থির থাকলে তার নিচে তপ্ত বায়ু আটকে পড়ে। ফলে ওই অঞ্চলের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়।

যেমন, আর্কটিক অঞ্চলের তাপমাত্রা বৈশ্বিক গড় তাপমাত্রার তুলনায় প্রায় চার গুণ দ্রুত বাড়ছে। এর ফলে বায়ুমণ্ডলের ওপরের স্তরে প্রবাহিত ‘জেট স্ট্রিম’ নামে পরিচিত দ্রুতগতির বায়ুপ্রবাহও প্রভাবিত হতে পারে।

তাত্ত্বিকভাবে, এর ফলে হিট ডোম সৃষ্টির প্রবণতা বাড়ছে। যদিও বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত নয়।

বৃষ্টি ডাকছে বিপর্যয়

বাতাসের তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বাড়লে বায়ুমণ্ডল প্রায় ৭ শতাংশ অতিরিক্ত জলীয় বাষ্প ধারণ করতে পারে। আর বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বৃষ্টিপাতের পরিমাণও বাড়তে পারে।

যুক্তরাজ্যের আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত এক দশকে সে দেশে শীতকালীন বৃষ্টিপাতের পরিমাণ ১৯৬১ থেকে ১৯৯০ সালের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি ছিল।

জাতিসংঘের জলবায়ুবিষয়ক সংস্থা-আইপিসিসি জানিয়েছে, মানুষের কর্মকাণ্ডের কারণে পৃথিবীর অধিকাংশ স্থলভাগে আগের তুলনায় আরও ঘন ঘন ভারি বৃষ্টিপাত হচ্ছে, সঙ্গে তীব্রতাও বাড়ছে।

ক্যারিবীয় অঞ্চলে ২০২৫ সালের অক্টোবরে আঘাত হানা ঘূর্ণিঝড় মেলিসা ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের একটিতে পরিণত হয়েছিল।

ডব্লিউডব্লিউএ’র গবেষকরা দেখতে পেয়েছেন, ওই ঝড়ের সময় বৃষ্টির তীব্রতা বেড়ে গিয়েছিল ১৬ শতাংশ, আর তার নেপথ্যে ছিল জলবায়ু পরিবর্তন।

দীর্ঘস্থায়ী খরা

জলবায়ু পরিবর্তনের সঙ্গে খরার সরাসরি সম্পর্ক নিশ্চিত করা কঠিন, কারণ পানির প্রাপ্যতা অনেকগুলো ভিন্ন বিষয়ের ওপর নির্ভরশীল।

এ ক্ষেত্রে এল নিনিয়োর মত প্রাকৃতিক পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন ২০২৪ সালের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকায় দেখা দেওয়া খরার পেছনেও এল নিনিয়োর প্রভাব ছিল।

তবে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে বৃষ্টিপাতের ধরন বদলে যাচ্ছে। তাতে বিশ্বের কিছু অঞ্চলে বৃষ্টিপাত বাড়লেও অন্য অঞ্চল ক্রমেই শুষ্ক হয়ে উঠছে এবং সেসব অঞ্চলে খরার ঝুঁকি বাড়ছে।

এ ছাড়া জলবায়ুর পরিবর্তনের ফলে সৃষ্ট তাপপ্রবাহ খরা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে।

ইউরোপীয় ইউনিয়নের জয়েন্ট রিসার্চ সেন্টারের তথ্য বলছে, এবার গ্রীষ্মে জলবায়ু পরিবর্তনজনিত তাপপ্রবাহ ইউরোপ অঞ্চলে খরা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।

ইউরোপের গুরুত্বপূর্ণ চারটি নদী- লোয়ার, পো, রাইন ও দানিয়ুবের পানির স্তর রেকর্ড পরিমাণ নিচে নেমে গেছে। তাছাড়া ওয়েলস ও ইংল্যান্ডের দুই-তৃতীয়াংশ এলাকায় খরা দেখা দিয়েছে এবার। দক্ষিণ ইংল্যান্ডের কিছু এলাকায় ‘তীব্র খরা’ ঘোষণা করা হয় সে সময়।

বিশ্বের অন্যান্য এলাকাতেও জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখা গেছে। ডব্লিউডব্লিউএ’র গবেষকরা জানিয়েছেন, ২০২৬ সালের মে মাসে জ্যামাইকা ও পুয়ের্তোরিকোয় দেখা দেওয়া খরাকে আরও তীব্র করে তুলেছে জলবায়ু পরিবর্তন।

দাবানলে ‘ঘি’

মানবসৃষ্ট কারণ ছাড়াও বিশ্বের অনেক অঞ্চলে প্রাকৃতিকভাবেই দাবানল সৃষ্টি হয়। তবে আইপিসিসি বলছে, জলবায়ুর পরিবর্তন দাবানল ছড়িয়ে পড়ার অনুকূল আবহাওয়াগত পরিস্থিতি বাড়িয়ে দিচ্ছে।

দীর্ঘস্থায়ী ও তীব্র তাপপ্রবাহ মাটি ও উদ্ভিদ থেকে প্রচুর আর্দ্রতা শুষে নেয়। তাতে বনাঞ্চল কিংবা আশপাশের পরিবেশ অত্যন্ত শুষ্ক হয়ে পড়ে।

এ ধরনের শুষ্ক পরিবেশ দাবানলের জন্য সহায়ক পরিস্থিতি তৈরি করে। আর বাতাসের গতি বেশি থাকলে আগুন ছড়িয়ে পড়ে আরও দ্রুতগতিতে।

এবার গ্রীষ্মকালে কানাডাজুড়ে ছোটবড় ৫ হাজারের বেশি দাবানল হয়েছে। ডব্লিউডব্লিউএ’র ভাষ্য, দাবানল ছড়িয়ে পড়ার অনুকূল পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা দ্বিগুণ হয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে।

দাবানলবিষয়ক এক বৈশ্বিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারিতে চিলি ও আর্জেন্টিনায় দাবানলের কারণে ৫৫ হাজার মানুষকে বাড়িঘর ছেড়ে যেতে হয়েছিল। ওই দাবানলে পুড়ে যাওয়া এলাকার পরিমাণ ৩৬ শতাংশ বেড়েছিল জলবায়ু পরিবর্তনের কারণে।

ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম (ইউএনইপি) জানিয়েছে, জলবায়ুর পরিবর্তনজনিত কারণে ২১০০ সাল নাগাদ সবচেয়ে ভয়াবহ দাবানলের সংখ্যা ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।

যুক্তরাজ্যের আবাসনবিষয়ক দপ্তরের প্রাথমিক তথ্য অনুযায়ী, ২০২২ সালের পর চলতি ২০২৬ সাল ছিল দাবানলের দিক থেকে সবচেয়ে ভয়াবহ বছর। বছরের সবচেয়ে উষ্ণ দিনে ইংল্যান্ডের স্টোরব্রিজে দুটি দাবানলে ১৯টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft