মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
আগাম হামলার ইঙ্গিত ইরানের
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:৩২ এএম   (ভিজিট : ২২)
যুক্তরাষ্ট্রের হামলার জন্য অপেক্ষা করবে না ইরান। ওয়াশিংটন সামরিক পদক্ষেপ নিলে তেহরানও পাল্টা ব্যবস্থা নিতে পারে। এমনকি যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা তৈরি হলে আগেভাগেই পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে বলে জানিয়েছে দেশটি।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তিন ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে তেহরান। এগুলো হলো কূটনৈতিক আলোচনা, অর্থনৈতিক অবরোধ এবং সামরিক আগ্রাসন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক আলোচনার নামে নতুন সামরিক অভিযানের প্রস্তুতির জন্য সময় নেওয়ার চেষ্টা করতে পারে। তাই ওয়াশিংটনের উদ্দেশ্য নিয়ে সতর্ক রয়েছে তেহরান।

ঘারিবাবাদি বলেন, ‘ইরান কিউবা নয় যে অবরোধ দিয়ে আটকে রাখা যাবে, আবার ভেনেজুয়েলাও নয় যে আত্মসমর্পণে বাধ্য করা যাবে।’ তার দাবি, আকাশপথে বা স্থলপথে অবরোধ দিয়েও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানের লক্ষ্য অর্জনে সফল হয়নি।

তিনি আরও জানান, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী নতুন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে। তার মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান পরিস্থিতিকে শুধু যুদ্ধ নয়, শান্তিও নয়—এভাবে বর্ণনা করার সুযোগ নেই। আইনগত দিক থেকে ইরান এখনো যুদ্ধাবস্থায় রয়েছে।

ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের বিষয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) অনুরোধও প্রত্যাখ্যান করেছেন ঘারিবাবাদি। তিনি বলেছেন, ইরানের শর্ত পূরণ এবং যুদ্ধ স্থায়ীভাবে শেষ না হওয়া পর্যন্ত এসব স্থাপনায় পরিদর্শনের অনুমতি দেওয়া হবে না।

তার দাবি, ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অস্ত্রের কার্যকারিতা যাচাইয়ের চেষ্টা হতে পারে। তাই পরিদর্শনের আগে ইরানের শর্ত মানার নিশ্চয়তা দিতে হবে ওয়াশিংটনকে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে কয়েকটি শর্তের কথা জানিয়েছেন ইরানের এই উপপররাষ্ট্রমন্ত্রী। এর মধ্যে রয়েছে সব রণাঙ্গনে যুদ্ধের স্থায়ী অবসান, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ প্রত্যাহার, তেল খাতসহ কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদের বিষয়ে সমাধান।

এ ছাড়া আগের সমঝোতার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মোতায়েন করা নতুন সামরিক সরঞ্জাম ও সেনাদের বিষয়েও পদক্ষেপ চায় তেহরান।

ঘারিবাবাদি জানিয়েছেন, যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার বিষয়ে ইরানের একটি প্রস্তাব রয়েছে। শুরুতে এ প্রক্রিয়া সম্পন্ন করতে সাত দিন সময়ের কথা বলা হলেও মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার পর তা কমিয়ে দুই দিন করা হয়েছে। তবে প্রতিশ্রুতি বাস্তবায়নের পদ্ধতি নিয়ে মতপার্থক্যের কারণে এখনো সমঝোতা হচ্ছে না।

এদিকে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট। মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, মধ্যপ্রাচ্যে আগে থেকেই অবস্থান করা যুক্তরাষ্ট্রের আরও দুটি বিমানবাহী রণতরির সঙ্গে এটি যুক্ত হয়েছে।

অঞ্চলটিতে সামরিক উপস্থিতি বাড়ানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনাও অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে তেহরানের আগাম জবাব দেওয়ার হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বাড়ার আশঙ্কা তৈরি করেছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, আল জাজিরা।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft