বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
জাতিসংঘের মহাসচিব হতে চান গ্রোসি, আপত্তি চীন-রাশিয়ার
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪:৪৫ পিএম   (ভিজিট : ০)
জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে রয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ঘনিষ্ঠ মিত্র আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে গ্রোসির ঘনিষ্ঠতা তার প্রার্থিতার পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন ও রাশিয়ার সমর্থন পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের স্থলাভিষিক্ত হওয়ার প্রতিযোগিতায় সর্বশেষ অনানুষ্ঠানিক ভোটে কোস্টারিকার রেবেকা গ্রিনস্পানের পর দ্বিতীয় হয়েছেন গ্রোসি। ৬৫ বছর বয়সী এই আর্জেন্টাইন কূটনীতিকের পক্ষে পড়েছে ৯টি উৎসাহমূলক এবং বিপক্ষে ৪টি নিরুৎসাহমূলক ভোট। এখনও আটজন প্রার্থী প্রতিযোগিতায় রয়েছেন।

২০১৯ সালে আইএইএ’র মহাপরিচালকের দায়িত্ব নেওয়ার পর আন্তর্জাতিক সংকট মোকাবিলায় সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত হয়েছেন গ্রোসি।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর তিনি নিজে পরিদর্শক দল নিয়ে জাপোরিঝঝিয়া ও চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন। যুদ্ধের মধ্যেও পারমাণবিক স্থাপনার মেরামতকাজ চালাতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আটটি স্থানীয় যুদ্ধবিরতি কার্যকর করতে ভূমিকা রাখেন তিনি।

তবে তার সক্রিয় কূটনৈতিক ভূমিকা নিয়ে সমালোচনাও রয়েছে। বিশেষ করে ইরান তাকে পক্ষপাতদুষ্ট হিসেবে অভিযুক্ত করেছে। তেহরানের অভিযোগ, আইএইএর প্রতিবেদন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর প্রভাবে একপেশে হয়ে পড়েছে।

জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হতে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে অন্তত ৯টির সমর্থন প্রয়োজন। পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া ও ফ্রান্স- এই পাঁচ স্থায়ী সদস্যের কোনও একটির ভেটো পাওয়া চলবে না। এরপর সাধারণ পরিষদের অনুমোদন নিতে হয়।

বিশ্লেষকদের মতে, ওয়াশিংটনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হওয়ায় গ্রোসির প্রতি বেইজিং ও মস্কোর আপত্তি থাকতে পারে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়া, অর্থায়ন কমানো এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির ভূমিকা সংকুচিত করার পদক্ষেপ নিয়েছে। মিলেইও জাতিসংঘের কঠোর সমালোচক।

এদিকে জাতিসংঘের ৮১ বছরের ইতিহাসে প্রথম নারী মহাসচিব নিয়োগের দাবিও জোরালো হচ্ছে। ভৌগোলিক পর্যায়ক্রমের প্রচলিত রীতি অনুযায়ী এবার লাতিন আমেরিকা থেকে মহাসচিব নির্বাচনের কথা। সেক্ষেত্রে নারী প্রার্থী রেবেকা গ্রিনস্পানের অবস্থান শক্তিশালী হতে পারে।

আগামী ৩১ ডিসেম্বর গুতেরেসের মেয়াদ শেষ হওয়ার কথা। ফলে নতুন মহাসচিব নির্বাচন নিয়ে কূটনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে। সূত্র: আল-জাজিরা

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft