সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
বিশ্বের যেকোনও স্থানে তাৎক্ষণিক পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:০৪ পিএম   (ভিজিট : ০)
বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাতে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি।

তিনি বলেছেন, যেকোনও ধরনের হুমকি এবং যেকোনও স্থানে তাৎক্ষণিকভাবে ও কার্যকর জবাব দেওয়ার সক্ষমতা রয়েছে ইরানের সামরিক বাহিনীর।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

মোস্তফা ইজাদি বলেন, ভৌগোলিক কোনও সীমাবদ্ধতা ছাড়াই যেকোনও মাত্রার এবং যেকোনও ধরনের হুমকির বিরুদ্ধে আমরা তাৎক্ষণিক ও কার্যকর জবাব দিতে প্রস্তুত।

তিনি আরও বলেন, বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানানোর সক্ষমতা অর্জন করেছে ইরানের সশস্ত্র বাহিনী। এই সক্ষমতা ও পথচলা অব্যাহত থাকবে।

ইরানের সামরিক বাহিনীর সক্ষমতা নিয়ে শত্রুপক্ষের দাবিও নাকচ করে দেন আইআরজিসির এই শীর্ষ কর্মকর্তা। তার ভাষ্য, শত্রুপক্ষ দাবি করেছিল, তারা ইরানের সশস্ত্র বাহিনী, বিশেষ করে বিপ্লবী গার্ড বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু তাদের কোনও পরিকল্পনাই সফল হয়নি।

ইজাদির এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ বন্ধে একাধিক কূটনৈতিক উদ্যোগ চলছে। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সংঘাতের অবসান ঘটাতে বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনা ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। তবে এখনও কোনও চূড়ান্ত সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি।

গত সপ্তাহে ইরানের পার্লামেন্টের স্পিকার এই পরিস্থিতিকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ বলে বর্ণনা করেন। তার এই মন্তব্যের মধ্য দিয়ে সংঘাতের অনিশ্চিত পরিস্থিতি এবং কূটনৈতিক অচলাবস্থার বিষয়টি উঠে এসেছে।

এ অবস্থায় আইআরজিসির উপপ্রধানের বক্তব্যকে ইরানের সামরিক প্রস্তুতি ও প্রতিরোধের সক্ষমতা নিয়ে কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে যেকোনও নতুন হুমকির জবাবে ভৌগোলিক সীমারেখা বিবেচনা না করে পদক্ষেপ নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

তবে যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চললেও ইরানের সামরিক নেতৃত্বের এমন বক্তব্যে মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনের সম্ভাবনা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। সূত্র: আল-জাজিরা

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft