শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
রাশিয়াকে চাপ দিচ্ছে না যুক্তরাষ্ট্র, মনোযোগ বেশি পশ্চিম এশিয়ায়: জেলেনস্কি
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৩:০৩ পিএম   (ভিজিট : ০)
যুক্তরাষ্ট্রের প্রতি গভীর হতাশা প্রকাশ করে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, গুরুত্বপূর্ণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহে দেরি হওয়ায় ইউক্রেইনীয়দের প্রাণহানি ঘটছে।

শান্তি আলোচনায় রাশিয়ার ওপরও যুক্তরাষ্ট্র যথেষ্ট চাপ দিচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি।

কিইভে নিজের কার্যালয়ে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এসব কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জড়িয়ে ধরে ‘আমার বন্ধু’ ক্যাপশন দিয়ে যে ছবি পোস্ট করেছেন, সেটিকে ‘অদ্ভুত’ বলে বর্ণনা করেছেন জেলেনস্কি।

ইংরেজি ভাষায় দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, “অবশ্যই এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নিজস্ব বিষয়, তবে এটি অদ্ভুত।”

পুতিনকে ‘আগ্রাসী ও খুনি’ আখ্যা দিয়ে ইউক্রেইনের প্রেসিডেন্ট বলেন, “সে বন্ধু হতে পারে না। কোনোভাবেই হতে পারে না।”

জেলেনস্কির ভাষ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারকে বন্ধু বলার মতোই অস্বাভাবিক হচ্ছে পুতিনকে বন্ধু হিসেবে উপস্থাপন করা।

বিবিসি লিখেছে, ২০২৫ সালে ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে তিক্ত অভিজ্ঞতার পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সতর্ক অবস্থান নিয়েছেন জেলেনস্কি। শান্তি আলোচনায় ট্রাম্পের দুই দূত কিইভের চেয়ে মস্কোর অবস্থানের প্রতিই বেশি সমর্থন দিচ্ছেন বলে মনে করেন তিনি।

চলতি মাসের শুরুতে আবু ধাবিতে শান্তি আলোচনার সর্বশেষ দফায় দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। আগামী ডিসেম্বরে আবারও আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন জেলেনস্কি।

ট্রাম্প বৃহস্পতিবার নিজের সোশাল মিডিয়া ট্রুথ সোশালে লিখেছেন, গত সপ্তাহে চীনে পুতিনের সঙ্গে বৈঠকে তিনি ইউরোপজুড়ে সামরিক আগ্রাসন বন্ধ করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।

ইউক্রেইনের সঙ্গে শান্তি চুক্তির ‘জোরালো সম্ভাবনা’ রয়েছে বলেও মনে করেন তিনি।

তবে রাশিয়াকে প্রকাশ্য বিবৃতিতে আগের কঠোর অবস্থানেই অনড় থাকতে দেখা যাচ্ছে। মার্কিন দূতরা আলোচনা আয়োজনের কথা জানালেও সেখানে ইউরোপীয় আলোচকরা থাকবেন কি না, তা স্পষ্ট নয় বলে জানিয়েছেন জেলেনস্কি।

এদিকে ইউক্রেইনজুড়ে রাশিয়ার হামলা আরও ঘনঘন ও প্রাণঘাতী হয়ে উঠেছে। বেসামরিক নাগরিক নিহতের সংখ্যাও আগের সব রেকর্ড ছাড়িয়েছে।

এ পরিস্থিতিতে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে পারে, এমন ‘সত্যিকারের সহায়ক মিত্রদের’ এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি।

তিনি বলেন, “আপনি যখন আগ্রাসীর সঙ্গে খুব নিরপেক্ষ থাকার চেষ্টা করেন, এর অর্থ দাঁড়ায় আপনি ভুক্তভোগীকে সমর্থন করছেন, আবার আগ্রাসীকেও সমর্থন করছেন। এটি ঠিক নয়।”

ইউক্রেইনের সামরিক বাহিনী এখন রাশিয়ার দ্রুতগতির ড্রোনের প্রায় ৭০ শতাংশ ধ্বংস করতে সক্ষম বলে জানান জেলেনস্কি। তবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর ইন্টারসেপ্টরের ‘ভীষণ সংকট’ রয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্যাট্রিয়ট প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহেও বিলম্ব হচ্ছে।

জেলেনস্কি বলেন, “এটা দুঃখজনক যে তারা পশ্চিম এশিয়ায় বেশি মনোযোগ দিয়েছে এবং তাদের বেশি সহায়তা করছে। এটা সত্যিই দুঃখজনক।

“এ নিয়ে আমাদের বড় প্রশ্ন রয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের ঘাটতি মানেই মানুষের প্রাণহানি।”

অধিকৃত ইউক্রেইনীয় অঞ্চলগুলোতে মার্কিন স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা স্টারলিংক এবং এর সামরিক সংস্করণ স্টারশিল্ডের ব্যবহার এখনো সীমিত রাখা হয়েছে বলেও জানান তিনি।

ইউক্রেইনের ড্রোন ইউনিটগুলো বিবিসিকে জানিয়েছে, তাদের ইন্টারসেপ্টর ড্রোন এখন আর রাশিয়ার শাহেদ ড্রোনকে ধাওয়া করে ধরতে পারছে না। ফলে বাধা ছাড়াই ইউক্রেইনের আরও গভীরে ঢুকে পড়ছে রাশিয়ার এসব ড্রোন।

কার সিদ্ধান্তে এমনটি হচ্ছে, জানতে চাইলে জেলেনস্কি বলেন, “কারিগরিভাবে স্পেসএক্স, আর রাজনৈতিকভাবে, আমি জানি না, সত্যিই জানি না।

“এটা অনেকটা পিং-পং খেলার মতো। আমরা এক পক্ষকে জিজ্ঞাসা করলে তারা অন্য পক্ষের কথা বলে।”

দুর্বিষহ শীত

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে দূরপাল্লার হামলা বাড়িয়েছে ইউক্রেইন। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে রাশিয়ার তেল শোধনাগার এবং অস্ত্র বা জ্বালানিবাহী জাহাজ।

বৃহস্পতিবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, চলতি সপ্তাহে পূর্ব লিবিয়ায় নোঙর করা একটি রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার ঘটনায় ভূমধ্যসাগরীয় অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এমন পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তবে হামলার পক্ষে অবস্থান নিয়ে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ যুদ্ধজাহাজ ‘মেরকুরি’কে ‘সম্পূর্ণ ন্যায্য লক্ষ্যবস্তু’ বলে বর্ণনা করেছেন।

এ ধরনের হামলা ‘খুবই বিপজ্জনক’ বলে স্বীকার করলেও তিনি বলেন, মিত্রদের সঙ্গে সমন্বয় না করে ইউক্রেইনের বাহিনী কখনোই হামলা চালায় না।

এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি।

তবে সামনে কঠিন ও বিপজ্জনক শীতের জন্য ইউক্রেইন প্রস্তুতি নিচ্ছে বলে স্বীকার করেছেন জেলেনস্কি।

সম্প্রতি কিইভে রাশিয়ার হামলায় নিপ্রো নদীর ওপর থাকা সেতুগুলো লক্ষ্যবস্তু করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, শহরটিকে দুই ভাগে বিচ্ছিন্ন করাই এর উদ্দেশ্য।

বিদ্যুৎ বিভ্রাট এবং সরবরাহব্যবস্থায় হামলার কারণে শহরের বড় একটি অংশ অন্ধকারে ডুবে আছে। পরিচালন ব্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছানোয় অনেক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। শীতের আগে শহর ছেড়েছেন কিছু বাসিন্দাও।

জেলেনস্কি বলেন, “(রাশিয়া) অবশ্যই চায় আমরা পালিয়ে যাই।”

তিনি বলেন, “মানুষ চলে যেতে পারে, তবে আমরা যেকোনো উপায়ে আমাদের রাজধানী রক্ষার চেষ্টা করব। আমাদের রাজধানী প্রয়োজন। রাজধানী ছাড়া কোনো দেশ থাকে না।”

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft