শুক্রবার ৭ আগস্ট ২০২৬
গাইবান্ধায় নদী থেকে নিখোঁজ প্রবাসীর লাশ উদ্ধার
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ২:০৪ পিএম   (ভিজিট : ০)
গাইবান্ধার সাদুল্লাপুরে নলেয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর ইউনুস আলী (৪৫) নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের রঘুনাথপুর মরাঘাটি এলাকায় নলেয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইউনুস আলী সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিক মিয়ার ছেলে। তিনি প্রায় ১৫ বছর সৌদি আরবে প্রবাসজীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে তরফজাহান ঝাউলার বাজার এলাকায় নলেয়া নদীতে শক দিয়ে মাছ ধরতে যান ইউনুস। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। নদী ও আশপাশের এলাকায় সন্ধান চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। শুক্রবার সকাল ৭টার দিকে রংপুর থেকে আসা ডুবুরি দল নলেয়া নদীতে উদ্ধার অভিযান শুরু করে।

প্রায় আড়াই ঘণ্টা তল্লাশির পর সকাল সাড়ে ৯টার দিকে রঘুনাথপুর মরাঘাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে নদী থেকে ইউনুস আলীর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

সাদুল্লাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আবদুর রহমান জানান, সাদুল্লাপুর ফায়ার সার্ভিসে নিজস্ব কোনো ডুবুরি দল নেই। পানিতে নিখোঁজের ঘটনায় রংপুর বিভাগ থেকে ডুবুরি দল আনতে হয়। গাইবান্ধায় ডুবুরি দল না থাকায় তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। শুক্রবার সকালে রংপুর থেকে ডুবুরি দল এসে অভিযান চালিয়ে ইউনুস আলীর মরদেহ উদ্ধার করে।

আজকালের খবর/এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft