রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
সোনাগাজীতে ডিশ ব্যবসায়ীকে পিটিয়ে জখম, প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৮:১০ পিএম   (ভিজিট : ১৮১)
ফেনীর সোনাগাজীতে ব্যবসায়িক প্রতিহিংসা ও চাঁদা না দেওয়ার জেরে এ আর ডিসকভারীর স্বত্বাধিকারী ওমর ছাদেক রুমন নামে এক কেবল নেটওয়ার্ক (ডিশ) ব্যবসায়ীকে পিটিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষ ডিশ ব্যবসায়ী ফখরুদ্দিন ফারুক ও তার লোকজনের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে।

গত শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় সোনাগাজী উপজেলার নবাবপুর বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় রুমন নবাবপুর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মাগরিবের নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছিলেন। পথিমধ্যে ডিশ ব্যবসায়ী ফারুক ও রুবেলসহ ৩-৪ জনের একটি সশস্ত্র দল তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রুমনকে মারাত্মকভাবে আহত করে। তাঁর চিৎকারে স্থানীয় দোকানদার ও পথচারীরা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্বজন ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন আহত রুমন অভিযোগ করে বলেন, "ফখরুল একসময় সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীর স্টিয়ারিং কমিটির সদস্য ছিল। রাজনৈতিক পটপরিবর্তনের পর সে নিজেকে বিএনপির কর্মী দাবি করে আমার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় সে আমার ব্যবসার ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। সে শুধু আমাকে মেরেই ক্ষান্ত হয়নি, আমার অনেক ডিশ লাইন জোরপূর্বক দখল করে নিয়েছে এবং সংযোগ তার কেটে দিয়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতিসাধন করেছে।"

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম জানান, "লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft