শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
সময়ের স্রোতে পহেলা বৈশাখ: ইতিহাস থেকে বর্তমান
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১১:৪১ পিএম   (ভিজিট : ১২৮৭)
পহেলা বৈশাখ বাংলা সনের সূচনাদিন, যা বাংলাদেশে নববর্ষ হিসেবে উদযাপিত হয়। এই দিনটি  বাঙালি জাতি এক সর্বজনীন লোকউৎসব হিসেবে পালন করে। কল্যাণ, আশা ও নতুন জীবনের প্রতীক হিসেবে আনন্দমুখর পরিবেশে নতুন বছরকে স্বাগত জানানো হয়। পহেলা বৈশাখ কেবল বাংলা বর্ষপঞ্জির সূচনা নয়;এটি বাঙালির ইতিহাস, অর্থনীতি, কৃষি, রাজনীতি ও সংস্কৃতির এক অনন্য সম্মিলন। বাঙালির জীবনযাত্রা, ঐতিহ্য ও চেতনার সঙ্গে এই দিনটি নিবিড়ভাবে জড়িত।

বাংলা সনের উৎপত্তি নিয়ে ইতিহাসবিদদের মধ্যে কিছু মতপার্থক্য থাকলেও অধিকাংশের মতে, এর প্রাতিষ্ঠানিক রূপ গঠিত হয় মুঘল সম্রাট আকবর (১৫৫৬-১৬০৫)-এর শাসনামলে। তথ্যসূত্র মতে, ভারতীয় উপমহাদেশে প্রাচীনকাল থেকেই সৌর ও চন্দ্রভিত্তিক বিভিন্ন ক্যালেন্ডার প্রচলিত ছিল- যেমন, বিক্রম সংবৎ (একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ বর্ষপঞ্জি। 

এর সূচনা খ্রিস্টপূর্ব ৫৭ সালে এবং কিংবদন্তি রাজা বিক্রমাদিত্য-এর নামানুসারে এর নামকরণ করা হয়।) ও শকাব্দ (শক সংবৎ নামেও পরিচিত একটি বর্ষপঞ্জি, যার সূচনা ৭৮ খ্রিস্টাব্দ থেকে। এই পঞ্জিকার সূচনা কুষাণ সম্রাট কণিষ্ক-এর শাসনামলের সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হয়।) ইত্যাদি। তবে এসব পঞ্জিকা মূলত ধর্মীয় আচার অনুষ্ঠানের সাথে অধিকতর সম্পর্কিত ছিল। কিন্তু বঙ্গ-ভারতে সমাজব্যবস্থা ছিল কৃষিনির্ভর, যেখানে অধিকাংশ মানুষ জীবিকা নির্বাহ করে চাষাবাদের মাধ্যমে। 

তাই কৃষিনির্ভর ভারতের জন্য প্রয়োজন ছিল এমন একটি পঞ্জিকার যা ঋতুচক্র ও ফসল উৎপাদনের সাথে সামঞ্জস্যপূর্ণ। কারণ কৃষি উৎপাদনের সময়সূচি নির্ধারণ, বীজ বপন, ফসল কাটা সবকিছুই ঋতুচক্র তথা প্রকৃতির সাথে গভীরভাবে সম্পর্কিত। ফলে কৃষিকাজের সঙ্গে সামঞ্জস্য রেখে কর আদায় ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি কার্যকর বর্ষপঞ্জির প্রয়োজনীয়তা দেখা দেয়। বাংলা সনের প্রবর্তন মূলত কৃষিভিত্তিক অর্থনীতির এই প্রয়োজন থেকেই।  

কৃষি বিশেষ করে কৃষি রাজস্বের সাথে যুক্ত উপর্যুক্ত অর্থনৈতিক ও প্রশাসনিক জটিলতা নিরসনের জন্য মুঘল সম্রাট আকবর একটি কার্যকর পঞ্জিকা চালুর উদ্যোগ নেন। উল্লেখ্য যে, ষোড়শ শতাব্দীতে মুঘল সাম্রাজ্যে রাজস্ব আদায়ে জন্য ব্যবহৃত হতো হিজরি সন, যা সম্পূর্ণ চান্দ্র পঞ্জিকার ওপর নির্ভরশীল।

কিন্তু এই পঞ্জিকার সাথে কৃষি মৌসুমের সামঞ্জস্য না থাকায় ভূমি রাজস্ব আদায়ে কৃষকদের অসুবিধা হতো। কারণ অনেক সময় ফসল ওঠার আগেই তাদের সরকারি কর পরিশোধ করতে হতো। এ অবস্থায় সম্রাট আকবর রাজস্ব আদায়ের সুবিধার্থে হিজরি চান্দ্র বর্ষপঞ্জির পরিবর্তে একটি নতুন বর্ষপঞ্জি চালুর উদ্যোগ নেন। সম্রাটের আদেশ মোতাবেক রাজদরবারের বহুবিদ্যাবিশারদ ও জ্যোতির্বিজ্ঞানী আমীর ফতেহউল্লাহ সিরাজি সৌর সন এবং চান্দ্র বর্ষের ওপর ভিত্তি করে নতুন বর্ষপঞ্জিকা তৈরি করেন। 

১৫৮৪ খ্রিস্টাব্দের ১০/১১ মার্চ এই বর্ষপঞ্জিকাটি চালু হলেও এর কার্যকর গণনা শুরু হয় সম্রাট আকবরের সিংহাসন-আরোহণের সময় ৫ নভেম্বর ১৫৫৬  খ্রিষ্টাব্দ থেকে। প্রথমে এই পঞ্জিকার নাম ছিল “তারিখ-এ-এলাহী”। একে ফসলি সনও বলা হতো। এই তারিখ-ই- এলাহী বা ফসলি সনই পরবর্তীকালে বাংলা সনের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং “বঙ্গাব্দ” বা বাংলা বর্ষ নামে পরিচিত হয়। 
আকবর প্রবর্তিত তারিখ-এ- এলাহী পঞ্জিকায় মাসগুলো আর্বাদিন, কার্দিন, বিসুয়া, তীর এমন নামে পরিচিত ছিল। 

তবে পরে এই নাম পরিবর্তন হয়ে বৈশাখ, জৈষ্ঠ্য, আষাঢ়, শ্রাবণেইত্যাদি নামে পরিচিত হয়। বাংলা সনের মাসগুলোর নামকরণ প্রাচীন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানভিত্তিক ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। ধারণা করা হয় যে, বাংলা বারো মাসের নামকরণ করা হয়েছে বিভিন্ন নক্ষত্র থেকে। যেমন- বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ, জায়ীস্থা থেকে জৈষ্ঠ্য, শার থেকে আষাঢ়, শ্রাবণী থেকে শ্রাবণ। এমন করেই বাংলায় নক্ষত্রের নামে অবশিষ্ট মাসগুলোর নামকরণ করা হয়। এই দৃষ্টিকোণ থেকে বাংলা পঞ্জিকা কেবল একটি প্রশাসনিক উপকরণ নয়; বরং এটি প্রাচীন জ্যোতির্বিজ্ঞান ও জ্ঞানচর্চার একটি ধারাবাহিকতারও প্রতিফলন।

পহেলা বৈশাখ বঙ্গাব্দের প্রথম দিন, তথা বাংলা নববর্ষ। মুঘল সম্রাট আকবরের সময়কাল থেকেই পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়। পহেলা বৈশাখ উদযাপনের প্রাথমিক উদ্দেশ্য ছিল প্রশাসনিক ও অর্থনৈতিক। তখন বাংলা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে রায়তদের সব খাজনা, মাশুল ও শুল্ক পরিশোধ করতে হতো।  

এরপর দিন অর্থাৎ পহেলা বৈশাখে ভূমির মালিকরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদেরকে মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন করতেন। এ উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন করা হতো। এখান থেকেই “হালখাতা” প্রথার উৎপত্তি। ব্যবসায়ীরা এই দিনে পুরোনো দেনা-পাওনার হিসাব চুকিয়ে নতুন খাতা খোলেন। গ্রাহকদের আমন্ত্রণ জানিয়ে মিষ্টিমুখ করানো এবং শুভেচ্ছা বিনিময় করার এই রীতি আজও বাঙালি সমাজে প্রচলিত।

সময়ের সঙ্গে সঙ্গে পহেলা বৈশাখ কেবল অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। কৃষিনির্ভর বাংলার অর্থনীতিতে ফসল তোলার সময় ও কর আদায়ের সময়কে একসূত্রে বাঁধার এই প্রয়াস ধীরে ধীরে সাধারণ মানুষের জীবনধারায় প্রবেশ করে এবং একটি সার্বজনীন সামাজিক ও বহুমাত্রিক সাংস্কৃতিক উৎসবে রূপান্তরিত হয়। গ্রামবাংলার লোকজ পণ্য, খেলনা, মিষ্টান্ন ও হস্তশিল্প মেলা, বাউল গান, পালাগান, জারি-সারি, কবিগান ইত্যাদি লোকসংগীত পরিবেশন, লোকজ ক্রীড়া, নৃত্য, সহ নানা কার্যক্রমের মাধ্যমে পহেলা বৈশাখ  উদযাপন বাঙালির সামগ্রিক সাংস্কৃতিক চেতনা ও অনন্য লোকজ ঐতিহ্যের ধারক হিসেবে প্রতিষ্ঠিত হয়। 

উনবিংশ শতাব্দীতে ব্রিটিশ শাসনামলে বাংলা নববর্ষ উদযাপন নতুন মাত্রা লাভ করে। এই সময়ে বাঙালি মধ্যবিত্ত শ্রেণির উত্থান ঘটে এবং তারা নিজেদের ভাষা ও সংস্কৃতির প্রতি নতুনভাবে সচেতন হয়ে ওঠে। এই সময় বাংলা নববর্ষ কেবল একটি অর্থনৈতিক উৎসব না থেকে বাঙালি জাতীয়তাবাদের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা পেতে শুরু করে। সাহিত্য, সংগীত ও শিল্পকলার বিকাশের মধ্য দিয়ে এই উৎসব আরও সমৃদ্ধ ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। বিশেষত বিংশ শতাব্দীতে বাংলা নববর্ষ বাঙালির আত্মপরিচয়ের পাশাপাশি রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে। 

পাকিস্তান আমলে (১৯৪৭-১৯৭১) তৎকালীন পূর্ব পাকিস্তানে বাংলা সংস্কৃতিকে দমিয়ে রাখার নানা প্রচেষ্টা চালানো হয়। এর প্রতিবাদে বাঙালি সমাজে সাংস্কৃতিক আন্দোলন গড়ে ওঠে। ১৯৬৭ সালে ছায়ানট রমনা বটমূলে নববর্ষ উদযাপনের যে উদ্যোগ গ্রহণ করে, তা ছিল এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এই অনুষ্ঠান বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও সাংস্কৃতিক স্বাধীনতার প্রতীক হিসেবে বিশেষ গুরুত্ব লাভ করে।

বর্তমানে বাংলা নববর্ষ উদযাপনের অন্যতম প্রধান আকর্ষণ হলো “মঙ্গল শোভাযাত্রা” (২০২৫ সালে এটি “আনন্দ শোভাযাত্রা” নামে উদযাপিত হয়। এ বছর এটি হবে “বৈশাখি শোভাযাত্রা” নামে), যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে আয়োজিত হয়। ২০১৬ সালে ইউনেস্কো এই শোভাযাত্রাকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি প্রদান করে। শোভাযাত্রায় ব্যবহৃত প্রতীকী মুখোশ, প্রতিকৃতি ও শিল্পকর্মের মাধ্যমে সমাজের অশুভ শক্তি ও অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ এবং শুভ শক্তির জয়ধ্বনি উচ্চারিত হয়।

বাংলা নববর্ষের অন্যতম বৈশিষ্ট্য হলো এর অসাম্প্রদায়িকতা। ধর্ম, বর্ণ ও শ্রেণি নির্বিশেষে সকল মানুষ এই উৎসবে অংশগ্রহণ করে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সব সম্প্রদায়ের মানুষের সম্মিলিত অংশগ্রহণ এই উৎসবকে একটি সার্বজনীন রূপ প্রদান করেছে। এটি বর্তমানে জাতীয় ঐক্য, অসাম্প্রদায়িক চেতনা এবং ঐতিহ্যের ধারাবাহিকতার প্রতীকে পরিণত হয়েছে। এক কথায় বলতে গেলে পহেলা বৈশাখ বা বাংলা বর্ষবরণ বাঙালি জাতির ঐক্য, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল প্রতীক।

খাদ্যসংস্কৃতির ক্ষেত্রেও বাংলা নববর্ষের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। পান্তা-ইলিশ, বিভিন্ন পিঠা, মিষ্টি এবং ঐতিহ্যবাহী খাবার এই দিনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যদিও পান্তা-ইলিশ খাওয়ার প্রথা তুলনামূলকভাবে আধুনিক, তবুও এটি এখন নববর্ষের একটি প্রতীকী উপাদান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

বর্তমানে বাংলা নববর্ষ উদযাপনে কিছু পরিবর্তন স্পষ্টভাবে চোখে পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাত্রা, চিন্তাভাবনা এবং সামাজিক কাঠামোর পরিবর্তনের প্রভাব এই উৎসবের ওপরও পড়েছে। বাণিজ্যিকীকরণ, নগরায়ণ ও বিশ্বায়নের প্রভাবে অনেক ঐতিহ্যবাহী রীতি ধীরে ধীরে রূপান্তরিত হচ্ছে।

আগের মতো গ্রামবাংলার সরলতা ও আন্তরিকতার বদলে অনেক ক্ষেত্রে উৎসবটি এখন শহুরে আয়োজন ও বাহ্যিক চাকচিক্যের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিভিন্ন সাংস্কৃতিক উপাদান কখনো কখনো আধুনিকতার ছোঁয়ায় তাদের মূল বৈশিষ্ট্য হারাতে বসেছে বলেও মনে হয়। তবে এসব পরিবর্তনের মধ্যেও বাংলা নববর্ষের অন্তর্নিহিত চেতনা এখনো অটুট রয়েছে। নতুনকে বরণ করে নেওয়া, পুরাতনকে বিদায় জানানো এবং মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার যে বার্তা এই উৎসব বহন করে, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। 

এই কারণেই পহেলা বৈশাখ কেবল একটি নির্দিষ্ট দিনের আনুষ্ঠানিকতা নয়; এটি বাঙালির দীর্ঘদিনের ইতিহাস, সমৃদ্ধ সংস্কৃতি এবং আত্মপরিচয়ের এক জীবন্ত প্রতিচ্ছবি হিসেবে বিবেচিত হয়। পরিবর্তনের স্রোতের মধ্যেও এর মূল আত্মা ও তাৎপর্য মানুষকে বারবার শেকড়ের দিকে ফিরে তাকাতে এবং নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন করে উপলব্ধি করতে অনুপ্রাণিত করে।

পরিশেষে বলা যায়, পহেলা বৈশাখ বাঙালির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি দিন। বাংলা নববর্ষের সূচনা ও বিকাশ একটি বহুমাত্রিক ঐতিহাসিক প্রক্রিয়ার ফল। বাংলা নববর্ষের উৎপত্তি ও বিকাশ বিশ্লেষণ করলে দেখা যায়, এর শিকড় প্রোথিত রয়েছে প্রাচীন ভারতীয় জ্যোতির্বিজ্ঞান, মুঘল প্রশাসনিক সংস্কার এবং বাঙালির লোকজ ঐতিহ্যের সম্মিলিত ধারায়। আর পহেলা বৈশাখ কেবল একটি বর্ষপঞ্জির সূচনা নয়; বরং এটি বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল প্রকাশ। পহেলা বৈশাখ নতুন আশা, নতুন সম্ভাবনা এবং নতুন সূচনার প্রতীক। 

এই দিনে মানুষ পুরাতন বছরের দুঃখ-কষ্ট, ব্যর্থতা ও গ্লানি ভুলে গিয়ে নতুনভাবে জীবন শুরু করার প্রেরণা পায়। এদিনে সব শ্রেণি-পেশার মানুষ ভেদাভেদ ভুলে একত্রিত হয়, যা সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। গ্রাম ও শহর উভয় জায়গায় মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী খাবার এবং নানা আয়োজনে দিনটি প্রাণবন্ত হয়ে ওঠে। সব মিলিয়ে, পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয়, ঐক্য এবং সাংস্কৃতিক গৌরবের এক গুরুত্বপূর্ণ প্রতীক-যা অতীতের ঐতিহ্যকে ধারণ করে বর্তমানকে আলোকিত করে এবং ভবিষ্যতের পথচলায় প্রেরণা জোগায়।

লেখক: উপাচার্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং সাধারণ সম্পাদক, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft