সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
ধানের ক্ষেতে স্মৃতিসৌধ—দেশপ্রেমে অনন্য দৃষ্টান্ত শিক্ষক জাফর সাদিক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১২:০১ পিএম   (ভিজিট : ৪৪২)
কুড়িগ্রামের উলিপুরে ধানক্ষেতে জাতীয় স্মৃতিসৌধের আদল ফুটিয়ে তুলে আবারও আলোচনায় এসেছেন উলিপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাফর সাদিক। বেগুনি ধানের চারা দিয়ে তৈরি এই ব্যতিক্রমী নকশা ইতোমধ্যে স্থানীয়দের পাশাপাশি সামাজিক মাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে।

জানা যায়, এর আগেও তিনি ধানক্ষেতে জাতীয় ফুল, জাতীয় পতাকা ও বাংলাদেশের মানচিত্রের নকশা তৈরি করে প্রশংসা কুড়িয়েছিলেন। এবার চলতি বোরো মৌসুমে তার “মাস্টার সিডের ১ নম্বর প্রজেক্ট”-এ প্রায় ১৭ বিঘা জমিতে ব্রি ধান ১০০, ১০২, ১০৮, ১১৩, ১১৪, রেড মিনিকেট, বাসমতি ও ব্ল্যাক রাইসসহ বিভিন্ন জাতের ধান চাষ করছেন। এর মধ্যে ব্রি ধান-১১৩ এর ক্ষেতে বেগুনি রঙের চারা ব্যবহার করে গড়ে তুলেছেন জাতীয় স্মৃতিসৌধের নকশা।

পেশায় শিক্ষক হলেও কৃষির প্রতি তার রয়েছে গভীর অনুরাগ। নিয়মিত পাঠদানের পাশাপাশি তিনি নিজেই জমিতে কৃষিকাজ করেন। তার ভাষায়, “শিক্ষকতা আমার পেশা, কৃষি আমার নেশা, আর দেশপ্রেম আমার রক্তে মিশে থাকা বিশ্বাস। সেই বিশ্বাস থেকেই কৃষিক্ষেত্রকে দেশপ্রেম জাগানোর সৃজনশীল মাধ্যম হিসেবে ব্যবহার করছি।”

উলিপুর-টু-রাজারহাট সড়কের পাশে অবস্থিত এই ধানক্ষেতটি প্রতিদিন পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছে। দূর থেকেই দেখা যায় ধানের চারা দিয়ে তৈরি স্মৃতিসৌধের আকৃতি। অনেকেই থেমে ছবি তুলছেন, স্মরণ করছেন মহান স্বাধীনতার ইতিহাস।

জাফর সাদিক আরও বলেন, “প্রজন্মকে ইতিহাস জানতে হবে। বিদ্যালয়ে বইয়ের মাধ্যমে শেখাই, আর মাঠে মাটির মাধ্যমে তুলে ধরি সেই ইতিহাসের বীরত্ব।”

তার এই সৃজনশীল উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে। অনেকেই এটিকে শুধু কৃষিশিল্প নয়, বরং শহীদদের প্রতি এক নীরব শ্রদ্ধাঞ্জলি ও দেশপ্রেমের জীবন্ত প্রতীক হিসেবে দেখছেন।

আজকালের খবর/ এমকে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft