শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬
ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া, এসিল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১১:৩৪ পিএম   (ভিজিট : ৬৭৯)
কুমিল্লার চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানোর অভিযোগ উঠেছে এসিল্যান্ড ফয়সাল আল নূরের বিরুদ্ধে। বুধবার (১ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন দৈনিক মানবজমিনের দেবিদ্বার প্রতিনিধি রাসেল সরকার এবং ফেস দ্য পিপল অনলাইন নিউজ পোর্টালের প্রতিনিধি আব্দুল আলীম।

সাংবাদিক আব্দুল আলীম জানান, তার আত্মীয়ের নামজারি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে দপ্তরে ঘোরাঘুরি করতে হচ্ছিল। বুধবার শুনানির দিন থাকায় তিনি সহকর্মী রাসেল সরকারকে সঙ্গে নিয়ে ভূমি অফিসে যান। সেখানে শুনানির বিষয়ে জানতে চাইলে এসিল্যান্ড তাদের সঙ্গে অসদাচরণ করেন বলে অভিযোগ করেন তিনি।

একপর্যায়ে মোবাইলে ভিডিও ধারণ করতে গেলে তা টের পেয়ে এসিল্যান্ড ক্ষিপ্ত হন এবং তাদের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ ডেকে এনে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো হয় বলে দাবি করেন ভুক্তভোগীরা।

তিনি আরও অভিযোগ করেন, থানায় নেওয়ার পর তার মোবাইল ফোন থেকে ছবি ও ভিডিও মুছে ফেলা হয় এবং মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

তবে অভিযোগ অস্বীকার করে সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর বলেন, সরকারি দপ্তরে অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও সরকারি কাজে বাধা দেওয়ার কারণে তাদের থানায় নেওয়া হয়েছে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী পুলিশ দায়িত্ব পালন করেছে।

এদিকে, হাতকড়া পরিহিত দুই সাংবাদিকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক এ ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম জানান, বিষয়টি তাদের নজরে এসেছে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft