রবিবার ১৬ আগস্ট ২০২৬
মুকসুদপুরে নিলু হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৫:০৮ পিএম   (ভিজিট : ৫৮৩)
গোপালগঞ্জের মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন  করেছে তার পরিবার ও এলাকাবাসী।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কমলাপুর  এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত নিলু মুন্সির পরিবারের সদস্যদের পাশাপাশি কমলাপুর গ্রামের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা খুনিদের ছবিসহ বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে হত্যাকারীদের ফাঁসির দাবিতে স্লোগান দেন এবং বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, নিলু মুন্সিকে পরিকল্পিতভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, ঘটনার এতদিন পেরিয়ে গেলেও এখনো কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।

নিহতের ছেলে রবিন মুন্সী বলেন, আমার বাবা কোনো রাজনীতি করেনা। খুনিরা বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্রসহ অতর্কিতভাবে আমাদের বাড়িতে হামলা চালিয়ে আমার বাবাকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। যারা আমার বাবাকে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনায় গত ২৭ ফেব্রুয়ারি ৩৪ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। 

নিহতের স্ত্রী জোবায়দা বেগম বলেন, “আমার স্বামী কোনো অপরাধ করেনি। তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই। যারা তাকে হত্যা করেছে, তাদের যেন কঠোর শাস্তি হয়।

নিহতের বাবা আনোয়ার মুন্সি বলেন, আমি বৃদ্ধ মানুষ। আমার ছেলেকে আমার সামনে থেকে কেড়ে নেওয়া হয়েছে। একজন বাবার জন্য এর চেয়ে বড় কষ্ট আর কিছু হতে পারে না। আমি সরকারের কাছে বিচার চাই। আমার ছেলের হত্যাকারীদের যেন ফাঁসি দেওয়া হয়।

উল্লেখ্য গত  ২৩ ফেব্রুয়ারি, পূর্ব পরিকল্পিতভাবে মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের আনোয়ার হোসেন মুন্সীর বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এই ঘটনায় আনোয়ার মুন্সীর ছেলে নিলু মুন্সী গুরুতর আহত হয়। গুরুতর আহত নিলু মুন্সিকে ফরিদপুর মেডিকেলে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া মোট ৪ জন আহত হয়েছে মিলন মুন্সী (৫২), দুলাল মুন্সী (৪০) ও রুপা বেগম (৪০)। 

এ বিষয়ে মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান বলেন, “ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।


কাওছার আল হাবীব/আজকালের খবর










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft