শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
অভিনয়ে নামছেন রোনালদো, শুরু হয়েছে সিরিজের নির্মাণকাজ
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:৩৯ পিএম   (ভিজিট : ০)
মাঠের বাইরে বিনিয়োগ আরও বাড়াচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন, তার প্রথম টেলিভিশন সিরিজ ‘ডে ওয়ানস’-এর নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

ফুটবলনির্ভর এই ড্রামা সিরিজে কাজ করার জন্য ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথু ভনের সঙ্গে জুটি বেঁধেছেন রোনালদো। তারা যৌথভাবে ‘ইউআর মার্ভ স্টুডিওস’ প্রতিষ্ঠা করেছেন। সিরিজটিতে নিজের চরিত্রে অভিনয় করবেন ৪১ বছর বয়সী রোনালদো। ফরাসি ফুটবল কিংবদন্তি থিয়েরি অঁরি ও ব্রিটিশ অভিনেতা ডামিয়ান লুইসও থাকছেন এ সিরিজে।

সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া সাবেক এই পর্তুগিজ তারকা সিরিজটির নির্বাহী প্রযোজকের দায়িত্বেও আছেন। ইনস্টাগ্রামে নিজের ৬৮ কোটি ১০ লাখ অনুসারীর প্রতি রোনালদো লিখেছেন, “রোমাঞ্চকর খবর! আমার প্রথম টিভি শো ডে ওয়ানস’এর নির্মাণকাজ সবে শুরু হলো। সামনে আরও চমক আসছে! ”

পোস্টটিতে রোনালদো বেশ কয়েকটি ছবি শেয়ার করেন। একটি ছবিতে অভিনেতা ডামিয়ান লুইসের সঙ্গে ব্রিটিশ র‍্যাপার ডেভও আছেন। ডেভও এ সিরিজে অভিনয়শিল্পী তালিকায় রয়েছেন।

পর্তুগালের সংবাদমাধ্যম এ বোয়া জানিয়েছে, ‘ডে ওয়ানস’ নির্মাণের অনুমোদন দিয়েছে প্যারামাউন্ট প্লাস। প্রযোজনা সংস্থা স্কাইড্যান্সের সঙ্গে একীভূত হওয়ার পর স্ট্রিমিং প্ল্যাটফর্মটির প্রথম দিকের বড় প্রকল্পগুলোর একটি এটি।

বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ডেডলাইন জানিয়েছে, ১০ পর্বের এই সিরিজের গল্প আবর্তিত হয়েছে এক প্রতিভাবান ফুটবলারের যাত্রাকে কেন্দ্র করে, যিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ডে খেলার স্বপ্ন পূরণ করেন। পুরো গল্পে কেন্দ্রীয় এই চরিত্রকে তাঁর দীর্ঘদিনের বন্ধুদের প্রতি বিশ্বস্ত থাকতে দেখা যাবে, যারা সেই খেলোয়াড়ের খ্যাতি, অর্থ ও সাফল্য পাওয়ার অনেক আগে থেকেই তাঁর পাশে ছিলেন।

সিরিজটির মূল ভাবনা প্রযোজক ড্যারেন ডেইনের। এর প্রথম পর্বটি পরিচালনা করবেন ম্যাথু ভন এবং ‘বোরাত’খ্যাত বাফটাজয়ী নির্মাতা ড্যান মেজার আছেন প্রোডাকশন ডিরেক্টরের দায়িত্বে।

‘কিংসম্যান’ ফ্র্যাঞ্চাইজি, ‘স্টারডাস্ট’ ও ‘লেয়ার কেক’ সিনেমার পরিচালক ভন রোনালদোর সঙ্গে যৌথ উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘ক্রিস্টিয়ানো ও আমার নতুন প্রতিষ্ঠান শুরু করার জন্য এটিই সবচেয়ে উপযুক্ত প্রকল্প। তাঁকে বন্ধু ও অংশীদার হিসেবে পরিচয় দিতে পারাটা সত্যিই সম্মানের। আমি নিশ্চিত, ফুটবলের সব রেকর্ড ভেঙে দেওয়া এই মানুষটি শিগগিরই চলচ্চিত্র ও টেলিভিশনের জগতেও একই কীর্তি গড়বেন।’

সিরিজটির বিষয়বস্তুর সঙ্গে নিজের আবেগের সম্পর্ক কথা তুলে ধরে আল নাসর তারকা রোনালদো বলেন, ‘আমার পুরো জীবনটাই ফুটবলের। আমি জানি, মাঠের বাইরেও অসাধারণ কিছু গল্প তৈরি হয়। প্রযোজক হিসেবে খেলাটির ভিন্ন এক দিক পর্দায় তুলে ধরতে পেরে আমি গর্বিত। আমার বিশ্বাস, এই গল্প ফুটবলপ্রেমীদের গণ্ডি পেরিয়ে সব শ্রেণির দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে। আমার অংশীদার ও বন্ধু ম্যাথু ভনের সঙ্গে বিনোদনজগতে এই প্রথম পথচলা এবং থিয়েরি অঁরির মতো অসাধারণ একজন সাবেক খেলোয়াড় ও ভালো মানুষকে পাশে পাওয়াটা পুরো বিষয়কে আরও বিশেষ করে তুলেছে।’

আজকালের খবর/ এমকে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft