গাইবান্ধার সুন্দরগঞ্জে বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে মকবুল হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের দক্ষিণ সীচা ছাতিনামারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন ওই গ্রামের মৃত ফেলানের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে মকবুল হোসেনকে মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ব্যবহৃত লাঠিসোঁটা, ধারালো ছোরা ও শাবল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ১৬ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃত ব্যক্তিরা হলেন—রাশেদুল ইসলাম (২৮), রেজাউল করিম (২৮), মোকছেদুল ইসলাম (১৮), আবিল হোসেন (১৮), মিন্টু মিয়া (৩৫), মঞ্জু মিয়া (৪০), লিটন মিয়া (৩৫), নজরুল ইসলাম (৫০), শাহাবুদ্দিন (৬০), নিরফুল বেগম (৪০), কল্পনা বেগম (২৫), নুর ভানু (৪৫), শিল্পী বেগম (৩৫), খোরশেদা বেগম (২৬), ফাতেমা বেগম (১৯) ও শাবানা খাতুন (২২)। তাঁরা সবাই দক্ষিণ সীচা ছাতিনামারী গ্রামের বাসিন্দা।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা জানান, জমি নিয়ে বিরোধের জেরে মারধরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১৬ জনকে আটক করা হয়েছে। এজাহার পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আজকালের খবর/রাশেদুল মিলন