বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:১৮ পিএম   (ভিজিট : ১৭)
বাগেরহাট সদর উপজেলায় শেখ আল আমিন (৩৪) নামের বাংলালিংকের এক কর্মীকে কুপিয়ে আহত করে প্রায় এক লাখ টাকা ও অফিসের ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তিন দুর্বৃত্তের বিরুদ্ধে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ষাটগম্বুজ এলাকার কাঠালতলা মোড়ে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত আল আমিনকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন।

আহত শেখ আল আমিন সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বাগেরহাটে বাংলালিংকের কর্মী হিসেবে কাজ করেন।

আল আমিনের ভাষ্য, তিনি সড়ক দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি এসে তাঁর পথ আটকে দেন। তাঁদের একজনের মাথায় হেলমেট ছিল। কাছে যেতেই তাঁরা চায়নিজ কুড়াল দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। একপর্যায়ে তাঁর কাছে থাকা অফিসের ব্যাগটি নিয়ে পালিয়ে যান তাঁরা। ব্যাগে নগদ টাকা ও পণ্যসহ প্রায় এক লাখ টাকার মালামাল ছিল বলে জানান তিনি। হামলাকারীদের কাউকে চিনতে পারেননি তিনি।

স্থানীয় বাসিন্দা শেখ তানভীর বলেন, ঘটনার কিছুক্ষণ আগে আল আমিন তাঁকে ফোন করে হামলার শিকার হওয়ার কথা জানান। পরে ঘটনাস্থলে গিয়ে তাঁকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তিনি।

আল আমিনের সহকর্মী মো. মাছুম বিল্লাহ আহমেদ বলেন, ঘটনার আগে আল আমিনের সঙ্গে তাঁর কথা হয়েছিল। দ্রুত ব্যাংকে যাওয়ার কথা বলে তিনি বের হয়েছিলেন। পরে ফোন করে হামলা ও টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়টি জানান আল আমিন।

বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, বিকেলে আহত বাংলালিংক কর্মীকে হাসপাতালে আনা হয়। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft