বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
ছাত্রীকে উত্ত্যক্তের জেরে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৭:২৯ পিএম   (ভিজিট : ৭)
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তার বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে রাকিব নামের এক যুবক ও তাঁর স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় দুই পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

কিশোরীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন প্রতিবেশী হুমায়ূন মিয়ার ছেলে রাকিব। একপর্যায়ে তিনি ওই কিশোরীকে বিয়ের প্রস্তাব দেন। তবে তাতে রাজি হয়নি কিশোরীর পরিবার। পরিবারের অভিযোগ, এ ঘটনার পর কিশোরীর পড়াশোনা বন্ধ হয়ে যায় এবং সে পরীক্ষায়ও অংশ নেয়নি।

কিশোরীর পরিবারের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় ওই কিশোরীর সঙ্গে দেখা করতে না পেরে রাকিব তাদের বাড়ির সামনের সড়কে ঘোরাফেরা করেন এবং পরিবারের সদস্যদের গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।

পরিবারটির আরও অভিযোগ, এ ঘটনার জেরে রাকিবের পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের পাঁচটি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন। এতে দুই পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিঙ্গারবিল বাজার কমিটির সাধারণ সম্পাদক মানিক মিয়া বলেন, মেয়েসংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে তিনি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পুলিশ ঘটনাস্থলে যান। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুই পক্ষের ১০ জন আহত হয়েছেন।

বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চন্দ্র সরকার বলেন, মেয়েসংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft