বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
অবরোধে স্থবির সাজেক, বিপাকে পাহাড়ের জনজীবন
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:০০ পিএম   (ভিজিট : ১৩)
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে টানা সড়ক অবরোধে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। খাগড়াছড়ির দীঘিনালার জোড়াব্রীজ থেকে সাজেক ভ্যালি পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকায় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। এতে অন্তত ৩০ হাজার স্থানীয় বাসিন্দা দুর্ভোগে পড়েছেন। অবরোধ দীর্ঘায়িত হলে খাদ্যসংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

বুধবার (২৮ অক্টোবর) অবরোধের সপ্তম দিনে সকাল থেকে সড়কে কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে পিকেটিং করেন অবরোধকারীরা। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় হাটবাজারে কেনাবেচা কমেছে। পরিবহন সংকটে জুমের ফসল বিক্রি করতে না পেরে দুশ্চিন্তায় রয়েছেন স্থানীয় কৃষকেরা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অবরোধ চললেও দুর্গত মানুষের কাছে পর্যাপ্ত সরকারি কিংবা বেসরকারি সহায়তা পৌঁছায়নি। এতে লুসাই, ত্রিপুরা, চাকমা ও মারমা জনগোষ্ঠীর বাসিন্দাদের মধ্যে খাদ্য, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে উদ্বেগ বাড়ছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, সড়ক অবরোধ চলছে। পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। অবরোধের কারণে সাজেক ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ ভোগান্তিতে রয়েছেন।

সাজেকের নিরাপত্তা নিশ্চিত করা, সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সরিয়ে নেওয়া এবং সাধারণ মানুষের হয়রানি বন্ধের দাবিতে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের ব্যানারে এই অবরোধ চলছে। গত ১১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য শুরু হওয়া কর্মসূচিতে সড়ক যোগাযোগ কার্যত অচল হয়ে পড়েছে।

গত ২৬ অক্টোবর সরকারের উচ্চপর্যায়ের একটি কমিটির সঙ্গে পরিস্থিতি নিরসনে বৈঠক হলেও কোনো সমঝোতা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অবরোধকারী সংগঠনগুলোর নেতাদের দাবি, সাজেকের মাচালংসহ বিভিন্ন এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সদস্যদের অবস্থান রয়েছে। তাঁদের সরিয়ে নিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে আসছেন তাঁরা।

এদিকে, পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি রেখেছে রাঙামাটি জেলা প্রশাসন। এতে স্থানীয় পর্যটন ব্যবসা ও সংশ্লিষ্ট জীবিকাও অনিশ্চয়তার মুখে পড়েছে।

সাজেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু গ্রুপ) মধ্যে সাম্প্রতিক সময়ে সংঘাতের ঘটনা ঘটেছে। গত ২৯ সেপ্টেম্বর সকালে মাচালং এলাকার মন্দিরছড়া পাড়ায় গুলিবিদ্ধ হয় মাচালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সঞ্জিতা ত্রিপুরা (৯)। ধারাবাহিক গোলাগুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দীর্ঘস্থায়ী অবরোধে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়তে থাকায় সড়ক যোগাযোগ স্বাভাবিক করার দাবি জোরালো হচ্ছে। দ্রুত সংকট নিরসন, খাদ্য ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সংশ্লিষ্ট মহল।


আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft