মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি মদসহ গ্রেপ্তার ৩
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫:২৯ পিএম   (ভিজিট : ৫)
ব্রাহ্মণবাড়িয়ায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর বিশেষ অভিযানে ৪৫ বোতল বিদেশি মদসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিজয়নগর থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী মীর মুগ্ধ সড়কের দ্বিতীয় সেতুর পূর্ব পাশে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পৈরতলা এলাকার ফরিদ মিয়ার ছেলে জাহিদ (৩২), শিমরাইলকান্দি এলাকার মৃত রহিম আলীর ছেলে মো. সাদ্দাম হোসেন (৩৫) এবং একই এলাকার মৃত আব্দুল মন্নান মিয়ার ছেলে সজিব মিয়া (৩৪)।

এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল জানতে পারে যে, বিজয়নগর এলাকা থেকে সিএনজিতে করে মাদকদ্রব্য ব্রাহ্মণবাড়িয়া সদরের দিকে আনা হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে মীর মুগ্ধ সড়কের দ্বিতীয় সেতুর পূর্ব পাশে চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় একটি সবুজ রঙের সিএনজিকে থামার সংকেত দিলে চালক না মেনে ইউটার্ন নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে সিএনজিতে থাকা তিনজনকে আটক করা হয়।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিএনজির ভেতর রাখা দুটি বস্তা তল্লাশি করে ৪৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেন যে, তারা পরস্পরের যোগসাজশে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে এসব মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে জব্দকৃত আলামতসহ ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft