রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
দৈনিক তিতাস কণ্ঠের প্রকাশক শওকত হায়াত খান আর নেই
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৭:১৩ পিএম   (ভিজিট : ০)
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দক্ষিণ মৌড়াইলের বাসিন্দা, ‘দৈনিক তিতাস কণ্ঠ’ পত্রিকার প্রকাশক, বিশিষ্ট লেখক এবং ইসলামিক সেন্টার, ব্রাহ্মণবাড়িয়ার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক শওকত হায়াত খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (১৮ অক্টোবর ) ভোর ৬টায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। সকালে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শেষ শ্রদ্ধা জানাতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর বাসভবনে ভিড় করেন।

অমায়িক ব্যবহারের অধিকারী শওকত হায়াত খান একাধারে একজন প্রথিতযশা লেখক ও নিবেদিতপ্রাণ সমাজকর্মী ছিলেন। জীবদ্দশায় তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

রবিবার বাদ জোহর নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে দক্ষিণ মৌড়াইল কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। নামাজে জানাজায় সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার সর্বস্তরের মানুষ অংশ নেন।

নামাজে জানাজার আগে ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সহ-সভাপতি মো. ইব্রাহিম খান সাদাতের সঞ্চালনায় মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনের ওপর আলোকপাত করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, প্রেসক্লাবের সাবেক সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক সমতট বার্তার সম্পাদক ও প্রকাশক মনজুরুল আলম এবং মরহুমের একমাত্র ছেলে ফজলে রাব্বী খান।

সাংবাদিক সমাজের গভীর শোক:
শওকত হায়াত খানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী ও সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ এবং দৈনিক তিতাস কণ্ঠ পরিবার। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft