শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
গাজীপুর-এয়ারপোর্ট বিআরটি চালুর দাবি নাগরিক সমাজের
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৪:৪৭ পিএম   (ভিজিট : ৬)
প্রায় ১৪ বছর ধরে অপেক্ষার পরও আধুনিক গণপরিবহন সুবিধা না পাওয়ায় গাজীপুর-এয়ারপোর্ট বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প দ্রুত চালুর জোরালো দাবি জানিয়েছেন গাজীপুরের সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা। শনিবার (১৭ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রকল্পের প্রায় ৯৭ শতাংশ কাজ সম্পন্ন হয়ে গেছে। এমতাবস্থায় নির্মিত অবকাঠামো ভেঙে ফেলা বা পরিত্যক্ত না রেখে প্রয়োজনীয় কারিগরি ও ব্যবস্থাপনাগত সংস্কারের মাধ্যমে তা দ্রুত চালু করা উচিত।

তারা আরও উল্লেখ করেন, গাজীপুর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও জনবহুল এলাকা। রাজধানীর কাছাকাছি হওয়া সত্ত্বেও যানজট ও দুর্বল গণপরিবহন ব্যবস্থার কারণে প্রতিদিন হাজারো মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এতে কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি উৎপাদনশীলতা কমছে, পরিবহন ব্যয় বাড়ছে এবং শিল্প-বাণিজ্যের সম্ভাবনা বাধাগ্রস্ত হচ্ছে। বিআরটি প্রকল্প চালু হলে ঢাকা ও গাজীপুরের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি রাজধানীর ওপরও চাপ কমবে বলে মনে করেন তারা।

প্রকল্প দ্রুত চালুর দাবিতে সংবাদ সম্মেলনে সাত দফা সুপারিশ ও দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—নির্দিষ্ট সময়সীমাভিত্তিক কর্মপরিকল্পনা ঘোষণা, নির্মিত অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, অবশিষ্ট কাজ দ্রুত শেষ করা এবং প্রকল্প বাতিল বা মূল পরিকল্পনা পরিবর্তনের আগে স্বাধীন ও নিরপেক্ষ কারিগরি ও অর্থনৈতিক মূল্যায়ন প্রকাশ করা।

এছাড়া রেল, এমআরটি এবং স্থানীয় বাসের সাথে সমন্বয় করে একটি কার্যকর গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা, গাজীপুরবাসী ও বিশেষজ্ঞদের মতামত নেওয়া এবং প্রকল্পের অস্বাভাবিক বিলম্বের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়। পাশাপাশি বিআরটি করিডোরের বিকল্প হিসেবে ড্যাপ, ডিটিসিএ ও জিসিসি অনুমোদিত 'সালনা-উত্তরা দৌড় এক্সপ্রেসওয়ে' নির্মাণের দাবিও উত্থাপন করেন বক্তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গাজীপুরের যোগাযোগব্যবস্থার উন্নয়নের সাথে রাজধানী ঢাকা এবং বৃহত্তর ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শিল্প, কর্মসংস্থান ও টেকসই অর্থনীতি সরাসরি জড়িত। তাই জনগণের অর্থে নির্মিত এই অবকাঠামো কার্যকরভাবে কাজে লাগাতে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft