
লক্ষ্মীপুরের মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ ৮ জেলেকে আটক করেছে কোস্টগার্ড, নৌ পুলিশ, মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন। আটককৃতদের মধ্যে ৪ জনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে এবং অপর ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে গ্রেফতার দেখানো হয়েছে।
অভিযানে মৎস্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক আনোয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন, সিনিয়র সহকারী পরিচালক লুৎফুর রহমান, রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুল হাসনাইনসহ কোস্টগার্ড, নৌ পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।
জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন ১০ অক্টোবর (শনিবার) সকালে সাংবাদিকদের জানান, মেঘনায় নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে রামগতিতে ৪ জন এবং রায়পুরে ৪ জেলেকে আটক করা হয়। যৌথ অভিযানে রামগতি এলাকা থেকে ৩ হাজার মিটার কারেন্ট জাল এবং রায়পুর এলাকা থেকে ৫ হাজার মিটার কারেন্ট জালসহ ১২০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, আটককৃতদের মধ্যে ৪ জেলেকে প্রশাসনিকভাবে জরিমানা করা হয় এবং বাকি ৪ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হিসেবে নিয়মিত মামলা দায়ের করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, জাটকা সংরক্ষণ ও মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ৭ অক্টোবর (বুধবার) মধ্যরাত থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সময়ে নদীতে যেকোনো ধরনের মাছ শিকার, পরিবহন, মজুদ ও বিক্রি সম্পূর্ণ আইনি অপরাধ।
আজকালের খবর/কাওছার আল হাবীব