রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা মো. নুরুল আমীন দিনব্যাপী পীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের জনদুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শুনে সমস্যা সমাধানের আশ্বাস দেন।
দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি উপজেলার ১৫ নম্বর কাবিলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফরিদপুর গ্রাম, শেরপুর আর্মির বাজার, হলদিবাড়ি, গাংজোয়ার, শেরপুর, মানাষি-ফরিদপুর ও নয়া বাজারে ধারাবাহিক উঠান বৈঠকে অংশ নেন। এছাড়া জুনিদপুরে একটি পথসভায় বক্তব্য রাখেন। প্রতিটি কর্মসূচিতে এলাকার সর্বস্তরের পেশাজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
উঠান বৈঠকগুলোতে এমপি নুরুল আমীন সাধারণ মানুষের কুশল বিনিময়ের পাশাপাশি এলাকার উন্নয়ন, নাগরিক সুবিধা ও রাস্তাঘাটের বেহাল দশাসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি বলেন, "জনগণের প্রতিনিধি হিসেবে মানুষের দোরগোড়ায় গিয়ে তাদের কথা শোনা এবং সমস্যার স্থায়ী সমাধানে কাজ করাই আমার প্রধান দায়িত্ব।" এলাকার মানুষের চাহিদা ও অগ্রাধিকার বিবেচনা করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
দিনের কর্মসূচির অপর এক পর্যায়ে তিনি চক শোলাগাড়িতে নবনির্মিত একটি রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই রাস্তা উদ্বোধনের ফলে স্থানীয় যোগাযোগব্যবস্থার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে এলাকাবাসী আশা প্রকাশ করছেন।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসদ সদস্যের এমন ধারাবাহিক গণসংযোগ ও সাধারণ মানুষের দ্বারে দ্বারে ছুটে যাওয়ার উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের মতে, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে এমন সরাসরি যোগাযোগ অব্যাহত থাকলে এলাকার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
আজকালের খবর/কাওছার আল হাবীব